সমতলেও ফলবে বারো মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারোমাসি জাতের বারি আম-১১। চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণাকেন্দ্র থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বারোমাসি জাতের বারি আম-১১। চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণাকেন্দ্র থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

শুধু পাহাড়ে নয়, বারি আম-১১ সমতলেও উপযোগী। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করে নির্বাচনপদ্ধতির মাধ্যমে ২০১৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বারোমাসি জাতের এই আমটি অবমুক্ত করে। নাম দেওয়া হয় বারি আম-১১। ২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) বাগানে লাগানো হয় এ জাতের গাছ। দুই বছর বয়সী গাছে এবার ফলন দিয়েছে ভালোই। কেন্দ্রের আম বিজ্ঞানীরা সম্ভাবনাময় এ জাতটি নিয়ে আশাবাদী।

আম গবেষণাকেন্দ্রের বাগানে গিয়ে দেখা যায়, গাছে ঝুলছে কয়েকটি আম। সঙ্গে আছে আমের বিভিন্ন আকারের অনেক গুটি ও মুকুল।

কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন জানান, বড় আমগুলো পাকবে সেপ্টেম্বর মাসে। আর গুটি ও মুকুল অবস্থার আমগুলো ডিসেম্বর-জানুয়ারি মাসে। এ ছাড়া আরও একবার আম পাওয়া যাবে মে মাসে। এর আগেও দেশের বিভিন্ন স্থানে বারোমাসি জাতের আমের দেখা পাওয়া গেছে। কিন্তু সেগুলো তেমন সুস্বাদু নয় এবং ফলনের ধারাবাহিকতা ছিল না অর্থাৎ প্রতিবছর ফলে না। এ জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওই জাতগুলোকে অবমুক্ত করেনি। কিন্তু বারি-১১ উচ্চ ফলনশীল এবং প্রতিবছরই ফলে। ফলে বছরে তিনবার। খেতেও সুস্বাদু। এর মিষ্টতা (টিএসএস) ১৮.৫ ভাগ। ফলের আকার লম্বাটে ও গড় ওজন ৩১৭ গ্রাম। কাঁচা অবস্থায় ত্বকের রং হালকা সবুজ হলেও পাকা অবস্থায় হলুদাভ সবুজ। লম্বায় ১১.৩ সেমি, প্রস্থ ৭.৯ সেমি এবং পুরুত্ব ৭.০ সেমি। আঁটির ওজন ২৫ গ্রাম, খোসার ওজন ৪১ গ্রাম ও ভক্ষণযোগ্য অংশ ৭৯ ভাগ।

চাঁপাইনবাবগঞ্জের আম গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা প্রথম আলোকে বলেন, আম বিজ্ঞানীরা দীর্ঘদিন থেকেই একটি উন্নত বারোমাসি জাতের আমের আশায় ছিলেন। বারি আম-১১ সে আশা পূরণ করেছে। এ আমের সম্প্রসারণ ঘটলে আমপ্রেমীরা বছরের বিভিন্ন সময়ে সুস্বাদু আম খেতে পাবেন। দীর্ঘায়িত হবে আমের মৌসুম। আম উৎপাদনের ক্ষেত্রে ঘটতে পারে বিপ্লব। ইতিমধ্যে এর চারা তৈরির উদ্যোগ নিয়েছে আম গবেষণাকেন্দ্র। আগামী মৌসুমে সীমিত আকারে এর চারা বিতরণ করা হবে।