সমুদ্রে নিম্নচাপ, কয়েক দিন বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরও কয়েক দিন হতে পারে। এ ছাড়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছে তারা।

বিকেলে বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে পথচারীরা। থেমে থেমে ভারী বৃষ্টি হয়। এতে অনেকেই ভিজে যায়। বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রাও কমে এসেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে জানান, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত আছে। এ জন্য নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে ঘূর্ণিঝড়ও হতে পারে। তিনি আরও জানান নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় ৩ নম্বর সতর্কসংকেত দেখতে বলা হয়েছে। এ ধরনের বৃষ্টি আরও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ ​বৃহস্পতিবার উপকূল এলাকাগুলোতেও বৃষ্টি হয়েছে। সেখানে মাঝারি ঝোড়ো হাওয়া বয়ে গেছে। অবশ্য নিম্নচাপের কারণে এখন পর্যন্ত সমুদ্র বা নদীবন্দরে কোনো সতর্কসংকেত জারি করেনি আবহাওয়া দপ্তর।