সরকারি হিসাবে ৩৬ কোটি টাকার ফসল পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলার চর খাটিয়ামারীর আজাদ হোসেন (৪০) শহরে রিকশা চালিয়ে ১৫ হাজার টাকা জমিয়েছিলেন। সেই টাকায় চরে সাড়ে তিন বিঘা জমি বর্গা নিয়ে আউশ ধান আবাদ করেছিলেন। মাসখানেক পর ধান ঘরে ওঠার কথা ছিল। আজাদ হোসেন স্বপ্ন দেখেছিলেন, ৪০ মণ ধান হবে। ২০ মণ ভাগ পাবেন। তাতে সংসারের পাঁচ সদস্যের ছয় মাসের ভাতের চিন্তা করতে হবে না। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার। সাড়ে তিন বিঘার ধানখেত ১০ দিন ধরে একবুক পানির নিচে। ইতিমধ্যেই ধানগাছ পচতে শুরু করেছে। স্বপ্নের ফসল হারিয়ে এখন দিশাহারা আজাদ হোসেন।

গত বৃহস্পতিবার নৌকায় খাটিয়ামারী চরে গেলে বুকসমান পানিতে নেমে বন্যায় তলিয়ে যাওয়া ধানের শিষ দেখাচ্ছিলেন তিনি। আজাদ হোসেন বলেন, ‘যমুনার বানের পানিত খ্যাত শ্যাষ। এখন ঘরত ভাত নাই। হাতত টেকা নাই। বানের পানি নেমে গেলে ধান লাগানোর সামর্থ্য নাই। বউ-ছল লিয়ে এখন না খ্যায়া থাকা লাগপি।’

বন্যার পানিতে কষ্টে ফলানো স্বপ্নের খেত তলিয়ে যাওয়ায় আজাদ হোসেনের মতোই এখন দিশাহারা বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ২৪ হাজার কৃষক পরিবার।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় তলিয়ে গেছে ৫ হাজার ৮৫ হেক্টর জমির রোপা আউশ, পাট, আমনের বীজতলা, শাকসবজিসহ নানা জাতের ফসল। এতে ২৪ হাজার কৃষক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তলিয়ে যাওয়া ফসলের আর্থিক মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ৭ হাজার ৩১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে দেড় কোটি টাকার কৃষি পুনর্বাসন সহায়তার প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ২০১৫ ও ২০১৪ সালের বন্যায় এ জেলায় শুধু কৃষির প্রায় আড়াই শ কোটি টাকার ক্ষতি হয়েছিল। কৃষকেরা বলছেন, এবারের বন্যায় ১০ দিন ধরে পানির নিচে তলিয়ে আছে ফসলের খেত। এসব ফসলের ভবিষ্যৎ অনিশ্চিত। এ ছাড়া জাগ দেওয়া কয়েক শ মণ পাট ঢলের পানিতে ভেসে গেছে। নদীভাঙনে বিলীন হয়েছে ফসলসহ কয়েক শ বিঘা আবাদি জমি। বন্যার পানি শিগগির নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার পানি নেমে গেলেও এসব ফসলের কোনো আশা নেই।

গত বৃহস্পতিবার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বন্যাকবলিত চরাঞ্চলের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার রোপা আউশ, পাট ও সবজিখেত। চরাঞ্চলে যমুনার ঢলে ভেসে গেছে শত শত বিঘা জমির জাগ দেওয়া পাট। অনেক জায়গায় বিঘার পর বিঘা জমির পাটখেত পানির নিচে তলিয়ে গেছে।

সারিয়াকান্দির করমজাপাড়া গ্রামের আবদুস সালাম বলেন, ‘বিকেলে পাঁচ বিঘা জমির পাটখেত দেখে এসে রাতে ঘুমিয়েছি। সকালের ভেতরে পাঁচ বিঘা জমির পাটখেত নদীতে বিলীন।’ সুজায়েতপুর চরের আমিরুল ইসলাম বলেন, ‘বন্যা হামাকেরে সব শ্যাষ করে দিচে। খেতে থাকা ফসল নিয়ে সব স্বপ্ন লন্ডভন্ড করে দিচে।’

বৃহস্পতিবার সোনাতলা উপজেলার খাটিয়ামারী চরের অথই পানি থেকে পাট কেটে নৌকায় এনে চালালকান্দি ঘাটে গরুর গাড়িতে তুলছিলেন কৃষক মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘চাইর বিঘা জমিতে পাট লাগাইছিলাম। খরচ বিঘায় পাঁচ হাজার টেকা। বানের ঢলত সব পাট ডুবে গেচে। এখন স্রোতের ভিতরে ডুব দিয়ে কিছু পাট কাটি নৌকায় ঘাটত আনিচ্চি। এখন এ পাটে তেমন আঁশ হবে না। নৌকা ভাড়া আর কাটার দাম দিতেই সব শ্যাষ হবি। খরচের টেকা পুরাটায় লোকসান।’

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এবারের বন্যায় উপজেলায় ২ হাজার ৩১০ হেক্টর জমির পাট, প্রায় দেড় হাজার হেক্টর জমির আউশ ধানসহ ২ হাজার ৪০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে ১৫ হাজার ৫০০ কৃষক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ্-উদ্দিন সরদার বলেন, বন্যায় উপজেলার প্রায় ৯০০ হেক্টর আউশ, পাট ও শাকসবজি তলিয়ে গেছে। বেশ কিছু জাগ দেওয়া পাটও ভেসে গেছে। সব মিলিয়ে এ উপজেলার প্রায় সাত হাজার কৃষক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।