সহসা কমছে না বৃষ্টি!

শ্রাবণ মাসে অনেকটা বিরামহীন বৃষ্টি ঝরছে সারা দেশে। মৌসুমি বায়ুর প্রভাবই বৃষ্টির মূল কারণ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টির এই ধারা আরও কয়েক দিন চলবে।
রাজধানী ঢাকাতেও অঝোরে বৃষ্টি ঝরছে। গত সাত দিনে এর পরিমাণ ছিল ৮১ মিলিমিটার। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার বেলা তিনটা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।
এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুর জেলায়। একই সময়ে সাতক্ষীরায় ৫২, ফরিদপুরে ৫১, পটুয়াখালী ও সিলেটে ৩৪, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও রাঙামাটিতে ১৮, খুলনা ও গোপালগঞ্জে ১১ এবং রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর-প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায়ও মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। এ জন্য রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু সারা দেশে সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। তবে কত দিন চলবে সেটি বলা যাচ্ছে না।
এদিকে বৃষ্টির প্রভাবে সারা দেশে তাপমাত্রা কমে এসেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেত্রকোনায় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
