সহাবস্থানে প্রকৃতির সুরক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের ভারতের পশ্চিমবঙ্গ অংশের বালি দ্বীপে সুধন্যখালিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে রয়েছে বাঘের অভয়ারণ্য। মানুষের সেখানে যাওয়া মানা l ছবি: জিয়া ইসলাম
সুন্দরবনের ভারতের পশ্চিমবঙ্গ অংশের বালি দ্বীপে সুধন্যখালিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে রয়েছে বাঘের অভয়ারণ্য। মানুষের সেখানে যাওয়া মানা l ছবি: জিয়া ইসলাম
.
.

বৃহস্পতিবার, ১৯ মার্চ। সাতসকালে খবরটা শোনালেন সুভাষচন্দ্র আচার্য। এই সুন্দরবনের তিনি ‘সন অব দ্য সয়েল’। মানে ভূমিপুত্র। এখানে জন্ম, এখানে কর্ম, এখানকার জন্যই কাটাচ্ছেন জীবনের বাকি সময়টুকু। জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের ওপর বিষাক্ত ছোবল মারছে। মানুষ দিন দিন ঘরছাড়া হচ্ছে পেটের টানে। কী করে তা ঠেকানো যায়, বাঘ বাঁচিয়ে, বন বাঁচিয়ে, মানুষ বাঁচিয়ে এই অপরূপ সুন্দর চরাচরকে অকৃত্রিম রেখে কীভাবে রক্ষা করা যায় এই বিপুল জীববৈচিত্র্য, তা নিয়েই মেতে আছেন তিনি। নিদারুণ দুঃখ যেন, এমনভাবে বললেন, ‘ঘোড়ামারার নিচের দ্বীপ দুটো তো সেই কবেই গেছে, এবার ঘোড়ামারাও মারা পড়বে।’
ঘোড়ামারাকে ডান হাতে রেখে বরতলা নদীতে ঢুকেছিলাম আগের রাতের তৃতীয় প্রহরে। ঘোড়ামারার দক্ষিণে লোহাচরা ও তারও দক্ষিণে সুপারিভাঙা। গঙ্গার ওপর সাগরদ্বীপের গা ঘেঁষে এই তিনটি দ্বীপ এখনো ম্যাপে জ্বলজ্বল করলেও লোহাচরা ও সুপারিভাঙা ভেঙে তলিয়ে গেছে। সুভাষবাবু খবরটা শোনালেন খুব কাছের আত্মীয়বিয়োগের বেদনা নিয়ে। সাতাত্তরের নির্বাচনেও ওখানে ভোট হয়েছিল। কিন্তু বিরাশির ভোট করা যায়নি। দ্বীপ দুটোয় হাজার খানেক পরিবার বাস করত। বেশির ভাগই সাগরদ্বীপের তলার দিকে চলে গেছে। কারও কারও ঠিকানা নামখানা বা কাকদ্বীপের রেলস্টেশন কিংবা সুদূর কলকাতার ফুটপাত। ঘোড়ামারার আয়ু নিয়ে খুব চিন্তা তাঁর। চিন্তা ভূমিপুত্রদের জন্য। তাদের পরিযায়ী হয়ে যাওয়ার আশঙ্কায়।
তারও নিচে ফ্রেজারগঞ্জের পশ্চিমে মৌসুনি দ্বীপের তলার দিকটাও প্রায় ডুবুডুবু। নদী ও সাগরের কাছ থেকে সময় চেয়ে চেয়ে জেগে আছে এখনো। তবে কত দিন কে জানে!
নদী, খাঁড়ি ও দুরধিগম্য বাদাবনের এসব পাণ্ডববর্জিত এলাকায় সাহেবেরা মেদিনীপুর থেকে লোক ধরে ধরে আনত জমির লোভ দেখিয়ে। বিনা পয়সায় জমিদার হওয়ার লোভে সাহেবদের বিশ্বাস করে এসব জায়গায় এসে তারা দেখল, গেয়ো, সুন্দরী, গরানের জঙ্গল ও অগম্য নদী ছাড়া জমির ছিটেফোঁটাও কোথাও নেই। পালানোর সব পথ তখন বন্ধ। জাহাজ, নৌকো সব সাহেবদের হাতে। অগত্যা জঙ্গল কেটে সাফ হতে থাকে। সাহেবেরা নৌকোয় করে বীজধান নিয়ে এল তাদের দিয়ে চাষ করাতে। মিষ্টি জলের খালও কাটাল। কিন্তু রাগে-দুঃখে গজরাতে থাকা মানুষজন করল কী, বীজ ধান সেদ্ধ করে রুয়ে দিল যাতে ধান গাছ না হয়। তারা ভেবেছিল, সাহেবদের যদি বোঝানো যায়, এই তল্লাট চাষের অযোগ্য, তাহলে তারাও হয়তো সাহেবদের সঙ্গে ফিরে যেতে পারবে। কিন্তু চালাকিটা একদিন সাহেবেরা ধরে ফেলল। শাস্তি হলো খেতে না দেওয়ার। একদিন এক ক্ষুধার্ত শীর্ণকায় বৃদ্ধ সাহেবের পায়ে লুটিয়ে পড়ল খাদ্যভিক্ষা চেয়ে। সাহেব কী ভাবল কে জানে, লাগাল বুটের ঘা। বুড়োটা সেই আঘাতে মরে গেল। রোষানলে পড়ে সাহেবেরা ভয়ে পালিয়ে গেল। কলকাতা ফিরে কাশিমবাজারের মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দীকে তারা সেই জমি বেচে দেয়। মনীন্দ্রচন্দ্র সেখানে চল্লিশ বছরের লিজে বসতি পত্তন করালেন। রাস্তা তৈরি হলো, মিষ্টি জলের পুকুর কাটানো হলো। সাহেব মানে ফ্রেজার। তিনি যা করতে চেয়েছিলেন, মনীন্দ্রচন্দ্র তা-ই করলেন। ফ্রেজারগঞ্জের প্রাচীন মানুষেরা এখনো মনীন্দ্রচন্দ্রের নামে শ্রদ্ধাবনত হন। অভিজিৎ সেনগুপ্ত ‘সুন্দরবনের ডায়েরি’-তে এই বিদ্রোহের উল্লেখ করে লিখেছেন, মনীন্দ্রচন্দ্রের এক নায়েব ছিলেন লায়াল সাহেব। তাঁর নামেই লায়ালগঞ্জ। উনিশ শ তিপ্পান্নতে জমিদারি উচ্ছেদের সময় কাশিমবাজার এস্টেটের হাত থেকে এসব জমিজমা চলে যায়।

সুন্দরবনের অর্ধেক এলাকার মানুষের আদি নিবাস মেদিনীপুর। বাকিদের কেউ বাংলাদেশ, কেউ ওডিশা থেকে।
এই যে বালি দ্বীপে গোটা সকালটা কাটালাম, সেখানকার লোকজনদের পূর্বপুরুষদের অধিকাংশই সেই মেদিনীপুরের। ভগবতপুর ও পাথরপ্রতিমাকে বেড় দিয়ে বিশাল ঠাকুরান নদী পেরিয়ে বাঘেদের খাস তালুক বেয়ে বেয়ে বিদ্যা নদীতে পড়লাম সন্ধ্যা নাগাদ। রাতটা যেখানে কাটাতে হলো, তার একদিকে নেতিধোপানি, দোবাঁকি, সুধন্যখালি ও সজনেখালি, অন্যদিকে বালি দ্বীপ। গোসাবা ব্লকের এই দ্বীপটার গায়েই গুমরি নদী। সেই নদী পেরিয়ে খাদ্যের সন্ধানে বাঘবাবাজিরা প্রায়ই হানা দিত বালি দ্বীপে। সেই উৎপাত ঠেকাতে বন বিভাগ গোটা সুধন্যখালিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দিয়েছে। আট-দশ হাত লম্বা বাঁশের খুঁটি পুঁতে পুঁতে তাতে বেড় দেওয়া শক্তপোক্ত নাইলনের জাল। এই সুধন্যখালি বাঘের অভয়ারণ্য। মানুষের সেখানে যাওয়া মানা। প্রতিদিন নিয়ম করে বন বিভাগের লোকেরা টহল দেন। জাল ছিঁড়ল না ঠিক আছে পরখ করেন। নাইলনের মোটা জাল একবারের চেষ্টায় কাটা বাঘবাবাজির কম্ম নয়। তবে চিবোতে চিবোতে একসময় কেটে যায়। সেই ফাঁক গলে তারা যে লোকালয়ে আসে না তা নয়। খাঁড়ির কাছটাতেও ভালো করে জালের বেড়া দেওয়া যায় না। তা ছাড়া নজরের আড়ালে মাছমারাদের তাগিদেও কেউ কেউ জাল সরিয়ে বা কেটে খাঁড়িতে ঢোকে। সেই হাঁ চটজলদি বোজানো সম্ভব হয় না। তবে আজ বছর সাত-আটেক বালি দ্বীপে একবারও বাঘ ঢোকেনি। বাঘে-মানুষের বাঁচার লড়াই ইদানীং কমেছে। কমে গেছে গ্রামে ঢোকা বাঘ পিটিয়ে মেরে ফেলার ঘটনাও। ক্রমাগত প্রচারে চেতনা বেড়েছে। বনকর্মীরাও তৎপর।
চেতনা ও তৎপরতার ছবিটা চমৎকার ঘরা পড়ল বালি দ্বীপে। মনটাও বেশ ফুরফুরে হয়ে গেল।
বালি দ্বীপের প্রাণ আপাতত যিনি, তাঁর নাম অনিল মিস্ত্রি। পরিচয়, সাবেক চোরা শিকারি। জেটির পাশেই বাঁধের ওধারে অপূর্ব এক ছায়া সুনিবিড় শান্তির নীড় গড়ে উঠেছে অনিলদের কল্যাণে। বড় একটা এলাকা নিয়ে বেশ কয়েকটা পুকুর কাটা হয়েছে। সেগুলোয় হাঁস সাঁতরাচ্ছে। গাছগাছালির ফাঁকে ফাঁকে গ্রাম্য অথচ আধুনিক বেশ কিছু কুটির। সেগুলো ঘিরে ফুল ও ফলের বাগান। একপাশে মাছ চাষের বন্দোবস্ত। হ্যাচারিতে ডিম ফুটিয়ে পোনা হচ্ছে। সেই পোনা ছাড়া হচ্ছে পুকুরে। রুই, কাতলা, মৃগেল জাল ফেললেই। মধু তৈরি হচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে। ভোঁ ভোঁ করছে মৌমাছির দল। অনিল মিস্ত্রি গর্ব করে বুক ফুলিয়ে বলছেন, মানুষের রোজগারের ব্যবস্থা যদি এভাবে করা যায়, তাহলে তারা প্রাণ হাতে করে জঙ্গলে যাবে না। না গেলে মারাও পড়বে না। বাঘে-মানুষের ‘কনফ্লিক্টও’ কমবে। জীবন চলবে তার নিজস্ব ঢঙে।
সহাবস্থানের এটা একটা চমৎকার বিজ্ঞাপন। অনেকগুলো সংস্থা এই উদ্যোগে হাতে হাত মিলিয়েছে। বন বিভাগ রয়েছে, ডব্লিউডব্লিউএফ আছে, ডব্লিউপিএসআই রয়েছে, রাজ্য সরকার আছে। অনিলদের ওখানে কুটিরগুলোয় থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা। পর্যটনে একটা নতুন ধারা তাঁরা নিয়ে এসেছেন এই প্রকল্পের মধ্য দিয়ে। কী রকম? অনিলের কথায়, আমরা চাই পর্যটকেরা আমাদের এখানে এসে এই কুটিরগুলোয় থাকুন। আমরা তাঁদের সুন্দরবন ঘোরাব, দেখাব। তাঁরা দেখুন আমাদের জীবন, আমাদের সঙ্গে থেকে। বুঝুন আমাদের সুখ-দুঃখ কী রকম। আমাদের সমস্যা, আমাদের চাহিদা, আমাদের চিন্তা, আমাদের প্রয়োজন সবকিছু আমাদের একজন হয়ে অনুভব করুন। বিদেশে এটাই আজকালকার রীতি। হোম স্টে। এর ফলে জল-জঙ্গল-বাদাবনের মানুষজনের দিবারাত্রির কাব্যের সঙ্গে শহুরে মানুষের পরিচয় ঘটবে। সুন্দরবন তাঁদের কাছে দিন কয়েকের পিকনিকে পরিণত হবে না। বরং তাঁরাই উদ্যোগী হবেন এই বিস্তীর্ণ অপূর্ব সুন্দর প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সাহায্যের হাত বাড়াতে।
ঘুরছি, দেখছি আর অপার এক সম্ভাবনার ছবি যেন মানসপটে আঁকা হচ্ছে। অনিল বলে চলেছেন, আজকাল কোথাও গ্রামে বাঘ দেখা দিলে বন বিভাগকে খবর দেওয়ার কথাটা সবার আগে মনে আসে। চেতনা। আমরা এই যে মাছের পোনা তৈরি করছি, গ্রামবাসীদের কাছে বিনি পয়সায় বিলি করছি। দ্বীপের সাঁইত্রিশ হাজার বাসিন্দার অনেকেই এখন পুকুর কাটছে মাছ চাষের জন্য। এরপর বাণিজ্যিকভাবে তারাও মাছের চাষ করবে। ঘরের পুকুরে সারা বছর মাছ পেলে জঙ্গলে যাওয়ার প্রয়োজনও কমবে। একফসলি জমি এখানে। বৃষ্টিনির্ভর চাষ। বিকল্প আয়ের ব্যবস্থা ও সেই সঙ্গে পরিবেশ রক্ষা করে জঙ্গল বাঁচানোই আমাদের লক্ষ্য। এমন ‘হোম স্টে’ আরও দরকার।
অনিলরা যেন সেতুবন্ধের কাঠবিড়ালি।
জোয়ার থাকতে থাকতে বালি দ্বীপ ছেড়ে আমরা যাব সোনাগাঁ। প্রকৃতির ছোবলে মানুষের দুর্দশার চালচিত্র সেখানে এখনো মলিন। (চলবে)