সাইবেরীয় চুনিকণ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটিতে বসে আছে সাইবেরীয় চুনিকণ্ঠী l ছবি: লেখক
মাটিতে বসে আছে সাইবেরীয় চুনিকণ্ঠী l ছবি: লেখক

বুড়িগঙ্গা সেতু পার হয়ে আধা কিলোমিটার এগিয়ে হাতের ডান দিকের সড়ক বরাবর দু-তিন কিলোমিটার গেলে কিছু জলাভূমি আছে। জায়গাটার নাম ইকুরিয়া। এসব এলাকায় গত কয়েক বছর অবাক করার মতো কিছু জলচর ও পরিযায়ী পাখি দেখা গেছে। এর মধ্যে রয়েছে ছোট সরালি, ধলাবুক ডাহুক, নীলগলা ফিদ্দা, কোড়া, বেগুনি কালেম, পাতি পানিমুরগি, পতি চাগা, পাতি বাটান, নেউ পিপি, দল পিপি, মেটেমাথা টিটি, ছোট পানকৌড়ি, খুদে বক, খয়রা বগলা, হলদে বগলা ইত্যাদি। জলচর ছাড়াও স্বল্পসংখ্যক বৃক্ষ ও জঙ্গলবাসী পরিযায়ী পাখির প্রতিবছর দেখা মেলে এখানে।
অনেক পাখি আছে যার পালকের কোনো বিশেষ রং পাখিটিকে শনাক্ত করতে বা চিনতে সাহায্য করে। সে রকম একটি পাখি হলো সাইবেরীয় চুনিকণ্ঠী। চোখের ওপরে সাদা ভ্রু-রেখা এবং গলার নিচে গাঢ় লাল পালকের রংই এ পাখিটি চেনার সবচেয়ে সহজ উপায়। তবে পাখিটি দেখার জন্য আপনাকে দক্ষ পাখি পর্যবেক্ষক হতে হবে। কারণ, সে হেঁটে বেড়ায় বনতলে।
কনকনে শীতের এক সকালে ইকুরিয়া গিয়ে সেখানে প্রায় তিন ঘণ্টা পাখি পর্যবেক্ষণ করে একটিমাত্র সাইবেরীয় চুনিকণ্ঠী পাখির দেখা পাই। একটি পরিত্যক্ত বাড়ির পেছনের গুল্মের ঝোপের আড়ালে মাটিতে বসে ছিল সে। কিছুটা সময় বিরতি দিয়ে ঝোপের আড়াল থেকে বের হয়ে পোকা ধরে খায়। পর্যাপ্ত আলো না থাকলে এ পাখির ছবি ভালো হয় না। সাধারণত শীতের আবাসে এক জায়গায় অনেক দিন থাকে। খুব বিপদ ও খাবারের অভাব না পড়লে স্থান ত্যাগ করে না।
সাইবেরীয় চুনিকণ্ঠী বাংলাদেশের বিরল পরিযায়ী পাখি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ছাড়া সিলেট বিভাগের হাওর এলাকায় এ পাখি দেখা যায়। ইউরোপ ও দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর বিচরণ রয়েছে। সাইবেরীয় চুনিকণ্ঠী সাধারণত গ্রামের স্যাঁতসেঁতে জায়গা, বৃক্ষতলের ঘন গুল্মলতার ভেতর, আখ, নলবন, চা-বাগান ও আবাদি জমিতে বিচরণ করে। বিশেষ করে পানির ধারের জমি পছন্দ করে। শীতের আবাসে সচরাচর নিঃসঙ্গ থাকে। ভূমি, বৃক্ষতলে উৎপন্ন গুল্মলতা ও ঝোপে খাবার খোঁজে। খাদ্যতালিকায় আছে প্রধানত পোকা ও পোকার লার্ভা, মাঝে মাঝে উইপোকার ঢিবিকে পাশে ছোট পতঙ্গভুক শিকারি পাখির দলে যোগ দেয়। প্রজনন মৌসুম ছাড়া উচ্চ শিসে ডাকে।
সাইবেরীয় চুনিকণ্ঠীর দেহ দৈর্ঘ্যে প্রায় ১৫ সেন্টিমিটার, ওজন ২২ গ্রাম। প্রাপ্তবয়স্ক ছেলেপাখির পিঠের দিক জলপাই বাদামি, দেহের নিচের দিক ফিকে পীতাভ-বাদামি থেকে সাদাটে, ভ্রু-রেখা স্পষ্ট সাদা, গলা চুনি লাল, থুতনির পাশে কালো টান থাকে। মেয়েপাখির গলা সাদা কিংবা বেগুনি। এ পাখির ইংরেজি নাম Siberian Rubythroat। বৈজ্ঞানিক নাম Luscinia calliope। এটি বিশ্বে বিপদমুক্ত বলে বিবেচিত। বাংলাদেশের বন্য প্রাণী আইনে এ পাখি সংরক্ষিত। শীত মৌসুমে পাখিটি আমাদের দেশে দেখা যায়, তবে সংখ্যায় সামান্য।