সাগরতীরের কলমিবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরের তীরে ফোটা কলমি, টেকনাফ উপকূল থেকে তোলা l ছবি: লেখক
সাগরের তীরে ফোটা কলমি, টেকনাফ উপকূল থেকে তোলা l ছবি: লেখক

বনে অনেক ফুল ফুটেছে। সত্যিই কি তাই? এ যুগে বন রক্ষা করা কঠিনতর হয়ে উঠেছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে পরিবেশের সংকট তৈরি করে। পরিবেশবান্ধব প্রযুক্তির কথা বললেও সেখানে রয়েছে শুভংকরের ফাঁকি। সেই সঙ্গে রয়েছে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ জনবল। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা প্রকৃতির মধ্যে থেকেই প্রকৃতিকে টিকিয়ে রাখে, সেখানে কোনো চিমনি কিংবা সুপারক্রিটিক্যাল টেকনোলজি নেই।

উঁচু পাহাড় যেখানে ঢাল হয়ে মিশে গেছে, সেই সমতলের পরেই সবুজ ধানখেত। সবুজ ধানখেতের পরই একটি মাটির সড়ক। তারপরই বঙ্গোপসাগর। টেকনাফের দিকে প্রকৃতির অলংকরণ বৈচিত্র্যময়। সে জন্য সেখানের গাছপালাও খানিকটা ভিন্ন। বেলাভূমির ঝাউবনের ঝোপের ফাঁকে ফাঁকে লতা ও গুল্মের ঝোপ। পবন ঝাউয়ের ঝোপ ধরে ধরে হেঁটে চলেছি সকাল থেকে। অন্তত সূর্য ডোবার আগ পর্যন্ত থাকব সমুদ্রসান্নিধ্যে। হয়তো পথে যেথে যেতে দেখা হবে কোনো পাখি, ঝিনুক, কচ্ছপ অথবা কোনো বুনো ফুল।

এক প্রজাতির কলমি ফুল দেখার বাসনা ছিল অনেক দিন। সাগরপারেই জন্মে। ১৫৬৪ সালে ফরাসি এক অভিযাত্রী তাঁর সমুদ্র ভ্রমণের সময় এটি দেখেছিলেন এবং তাঁর থ্রি ভয়েস গ্রন্থেও সেই কলমি ফুলের কথা লিখেছিলেন। বই পড়ে জেনেছি সেই কলমি কক্সবাজার উপকূলে জন্মে। তবে কক্সবাজার থেকে টেকনাফ বিচের উপকূলে অনেক বার খুঁজেও পাইনি।

সম্প্রতি টেকনাফের শাহ পরীর দ্বীপের বেলাভূমি ধরে টেকনাফের দিকে হেঁটে আসার সময় গোলাপি রঙের কয়েকটি ফুল দেখতে পাই। ছোট ছোট পাতা নিয়ে বেলাভূমির এক ঝোপের কাছে বেয়ে উঠেছে। পাতার গড়ন দেখেই বুঝে ফেললাম সেটিই এই কলমিলতা। দিনের যাত্রায় আরও বেশ কয়েকবার এটির দেখা পেয়েছি। রোদ ওঠার পরই সে লতায় ফুল ধরে। তবে সামুদ্রিক ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হলে পাপড়িরা নেতিয়ে পড়ে।

এই কলমির কোনো বাংলা নাম নেই। তবে একাধিক ইংরেজি নাম রয়েছে Coastal Morning Glory, Beach Morning Glory। এটির বৈজ্ঞানিক নাম Ipomoea littoralis।

এটি চিকন লতাজাতীয় বহুবর্ষজীবী বিরুৎ। লতার প্রস্থ ২ সেন্টিমিটার বা তার চেয়ে কম। বৃতি ৮ দশমিক ৪ মিলিমিটার। দল প্রায় ৪০ মিলিমিটার লম্বা। ফল বাদামি এবং এর চারটি বীজ থাকে। বীজ কালো। ভারত মহাসাগর, মাদাগাস্কার দ্বীপ, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগর উপকূলে এ লতা জন্মে। তবে তার জন্য প্রয়োজন বালু ও নুড়িময় সাগরতীর, উপকূলীয় ছোট বন বা ঝোপ ও বনতল।