সাগরে ১০টি ট্রলারডুবি, উপকূলে ৩ নম্বর সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় আজ রোববার মাছ ধরার অন্তত ১০টি ট্রলার ডুবে গেছে। উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত।
বরগুনার পাথরঘাটা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ভোররাতে হঠাৎ করে ঝোড়ো বাতাস শুরু হলে ঢেউয়ের তোড়ে অন্তত ১০টি ট্রলার ডুবে যায়। ট্রলারগুলো সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালী, কটকা, নারিকেলবাড়িয়া ও সাতবাম এলাকায় অবস্থান করছিল। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এখন পর্যন্ত তিনটির নাম জানা গেছে। এ ঘটনায় কোনো জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, ডুবে যাওয়া ট্রলারগুলোর জেলেদের সাগরে ভাসতে দেখে সেখানে অবস্থানরত অন্য ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে আজ সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
পটুয়াখালীর কলাপাড়া আবহাওয়া স্টেশন থেকে জানানো হয়েছে, লঘুচাপটি এখন পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।