সাগরে ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত নগরে ১১৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে নগরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নগরের আগ্রাবাদ, কাপাসগোলা, সিডিএ, বাকলিয়া, প্রবর্তকসহ কয়েকটি এলাকায় হাঁটু পরিমাণ পানি জমেছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় এই বৃষ্টি চলতে থাকতে পারে।

আবহাওয়া দপ্তর জানায়, মৌসুমি বায়ু প্রবল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।