সাগরের ঢেউয়ে উপড়ে পড়েছে ৫০০ ঝাউগাছ

সাগরের ঢেউয়ের আঘাতে উপড়ে পড়েছে চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের বাইঘ্যার ঘাট এলাকার সৈকতের ৫০০ ঝাউগাছ। গোড়া থেকে বালু সরে যাওয়ায় এসব ঝাউগাছ উপড়ে পড়ে যায় বলে বন বিভাগ সূত্র জানায়। ওই এলাকায় বন বিভাগের লাগানো ১০ হাজার ঝাউগাছের বাগানটি সাগরের ঢেউয়ের কারণে হুমকির মুখে পড়েছে।
বন বিভাগ সূত্র জানায়, ২০০০ সালে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে বন বিভাগ ১০ হেক্টর জায়গায় ১০ হাজারের বেশি ঝাউগাছ লাগায়। কিন্তু সাগরের ঢেউয়ের আঘাতে ওই বাগানের আয়তন ছোট হয়ে আসছে। সর্বশেষ গত ১৫ দিনে সাগরের ঢেউয়ের কারণে বাগানের পাঁচ শতাধিক ঝাউগাছ উপড়ে পড়েছে। উপড়ে পড়া কিছু গাছ বন বিভাগ কেটে সংরক্ষণ করলেও চুরি হচ্ছে বেশির ভাগই।
গতকাল শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম পাশে বাইঘ্যার ঘাট এলাকার বন বিভাগের ঝাউবাগানে গিয়ে দেখা যায়, সাগরের জোয়ারে উপড়ে পড়ে আছে অনেক ঝাউগাছ। সেখান থেকে কিছু গাছ কেটে নেওয়া হয়েছে।
স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন প্রথম আলোকে বলেন, সাগরের ঢেউয়ের আঘাতে ইউনিয়নের ঝাউবনটির ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে উপকূল ক্ষতির সম্মুখীন হবে।
জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের বন্দর বিটের বনপ্রহরী মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, সাগরের জোয়ার ও ঢেউয়ের আঘাতে পাঁচ শতাধিক গাছ পড়ে গেছে। পড়ে যাওয়া গাছের মধ্যে কিছু গাছ কেটে রাখা হয়েছে, এখনো পড়া অবস্থায় আছে বহু গাছ।