সাড়ে তিন কিলোমিটার যান চলার অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সুন্দলী বাজার-প্রেমবাগ গেট সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটারের পিচ উঠে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দিগঙ্গা এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
যশোরের সুন্দলী বাজার-প্রেমবাগ গেট সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটারের পিচ উঠে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দিগঙ্গা এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী সুন্দলী বাজার-প্রেমবাগ গেট সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর সূত্রে জানা যায়, ২০০৩ সালে অভয়নগর উপজেলার সুন্দলী বাজার থেকে প্রেমবাগ গেট ভায়া মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া সড়কটির প্রায় ১৯ কিলোমিটার নির্মাণ করা হয়। প্রায় সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে সওজ ও এলজিইডি আলাদাভাবে সড়কটি নির্মাণ করে। সওজ ১২ কিলোমিটার ও এলজিইডি সাত কিলোমিটার নির্মাণ করে। কিন্তু নির্মাণের কয়েক মাস পর থেকে সড়কটির পিচ উঠে যেতে থাকে। পরে খোয়া উঠে পুরো সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেই থেকে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২০১১ থেকে ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিন দফায় সড়কটির অভয়নগর উপজেলার প্রেমবাগ গেট থেকে মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে ১৫ কিলোমিটার সংস্কার করা হয়। কিন্তু সড়কটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনিরামপুর উপজেলার সুন্দলী বাজার থেকে হরিদাসকাটি গ্রামের শেষ অংশ এখনো সংস্কার করা হয়নি। বর্তমানে সড়কটির প্রায় সাড়ে তিন কিলোমিটার যানবাহন ও লোকজন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের মধ্যে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন।
সরেজমিনে দেখা যায়, সড়কটিতে কোথাও কোনো পিচের চিহ্ন নেই। সড়কজুড়ে ছড়িয়ে আছে লাল রঙের ইটের খোয়া। অনেক জায়গায় খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রামের ভ্যানচালক দিলিশ্বর ধর বলেন, এই রাস্তার অবস্থা এতই খারাপ যে ভ্যানের টায়ার এক বছরও যাচ্ছে না। হাজরাইল গ্রামের কলেজশিক্ষক দুলাল সরকার বলেন, ‘এই রাস্তা দিয়ে সাইকেলে করে কলেজে যেতাম। কিন্তু এখান দিয়ে সাইকেল চালানো ঝুঁকিপূর্ণ। এখন ওই রাস্তা বাদ দিয়ে অন্য একটি রাস্তা দিয়ে ঘুরে কলেজে যাচ্ছি।’
হরিদাসকাটি গ্রামের ওষুধ ব্যবসায়ী সনাতন দেবনাথ বলেন, রাস্তা দিয়ে ভ্যান বা নছিমনে করে গেলে সারা শরীরে ব্যথা হয়ে যায়। হেঁটেও চলাচল করা কষ্টসাধ্য।
সওজের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল মুঠেফোনে বলেন, সড়কটির বেশির ভাগ অংশ ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। সম্প্রতি সড়কটি এলজিইডির আওতায় নেওয়া হয়েছে। এখন থেকে সড়কটির সংস্কারকাজ এলজিইডি করবে।
এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আবু মো. শাহরিয়ার মুঠোফোনে বলেন, সড়ক রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে, চলতি অর্থবছরেই সড়কটি সংস্কারের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।