
পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের বিভিন্ন এলাকা ভাঙনের কবলে পড়েছে। এক সপ্তাহে তিন উপজেলার পাঁচটি গ্রামের ১২০টি পরিবার গৃহহীন হয়েছে। নদীতে বিলীন হয়েছে ২০০ একর ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে একটি বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয়।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পদ্মার পানি এখন বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতের কারণে নদীভাঙনও বেড়েছে। এর ফলে গত এক সপ্তাহে নড়িয়া উপজেলার আজিজুল হক মুন্সিকান্দি গ্রামের ২০টি পরিবার, লেবু ব্যাপারীকান্দি গ্রামের ২০টি পরিবার ও বাবুরচর গ্রামের ৩০টি পরিবার; জাজিরা উপজেলার মীর আলী মাদবরকান্দি গ্রামের ৩০টি পরিবার এবং গোসাইরহাট উপজেলার চরজালালপুর গ্রামের ২০টি পরিবার গৃহহীন হয়েছে।
চরজালালপুর গ্রামের বাসিন্দা আমীর হোসেন বলেন, ‘নদীতে আমার বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। নিঃস্ব হয়ে আমি পাশের গ্রামে আশ্রয় নিয়েছি।’
এ ছাড়া গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পূর্ব হাজিপাড়া গ্রামের একটি বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। কোদালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাঁধটি যেকোনো সময় ভেঙে যেতে পারে। এখনই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে আশপাশের ১০টি গ্রাম প্লাবিত হতে পারে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সগির হোসেন বলেন, বাঁধটি তিনি পরিদর্শন করেছেন। ভাঙন রোধে ব্যবস্থা নিতে দ্রুত একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে স্থানীয় সাংসদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে পদ্মায় বিলীন হয়ে গেছে নড়িয়া উপজেলার চরআত্রা মৌজার ধান, পাটসহ ২০০ একর ফসলি জমি। ভাঙনের মুখে একই উপজেলার সুরেশ্বর বাজারের ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে।
সুরেশ্বর বাজারের ব্যবসায়ী রিয়াজ মুন্সি বলেন, নদীতে স্রোত বেশি থাকায় ভাঙন বাড়ছে। বাজারের মৎস্য ঘাটের বেশির ভাগ অংশই নদীতে বিলীন হয়ে গেছে।
নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়ের মাঠে ও শ্রেণিকক্ষে পানি উঠে যাওয়ায় গত রোববার থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
জানতে চাইলে পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম এনামুল হক বলেন, জরুরি ভিত্তিতে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার মতো অর্থ তাঁদের নেই। তাই একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।