সাত মাস ধরে গণশৌচাগার ব্যবহারের অনুপযোগী
রংপুরে তারাগঞ্জ বাজারের একমাত্র গণশৌচাগারটি সাত মাস ধরে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। নতুন করে সেখানে কোনো শৌচাগারের ব্যবস্থা করা হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এ বাজারের ব্যবসায়ী, শ্রমিক ও দোকানিরা। বাজারে আসা ক্রেতারাও পড়ছেন ভোগান্তিতে। বাধ্য হয়ে অনেকেই বাজারের আশপাশে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছেন। এতে দুর্গন্ধের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও দেখা দিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১৮টি হাট-বাজার আছে। এর মধ্যে সবচেয়ে বড় হাট তারাগঞ্জ। চলতি বছরে প্রায় দেড় কোটি টাকায় হাটটি ইজারা দেওয়া হয়েছে। এখানে সপ্তাহে দুদিন হাট বসে (সোম ও শুক্রবার)। পাঁচ একরের বেশি জায়গা নিয়ে বাজারটি গড়ে উঠেছে। আলুপট্টি, ধানপট্টি, মাছের বাজারসহ রয়েছে ব্যক্তিগতভাবে গড়ে ওঠা নয়টি বিপণিবিতান। এর মধ্যে রানা বিপণিবিতান, কাজী বিপণিবিতান, পরিষদ বিপণিবিতান, হাইস্কুল ও মাদ্রাসা বিপণিবিতান উল্লেখযোগ্য।
তারাগঞ্জ বণিক সমবায় সমিতির পরিসংখ্যান অনুযায়ী, বাজারে স্থায়ী ব্যবসপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় এক হাজার। এসব প্রতিষ্ঠানে মালিক ছাড়াও অন্তত তিন শতাধিক শ্রমিক কাজ করেন। মূলত গরু-ছাগলের জন্য এ অঞ্চলে তারাগঞ্জ হাট সুপরিচিত। প্রতি হাটে প্রায় পাঁচ-ছয় হাজার গরু-ছাগল বিক্রি হয় ও ৩০ হাজারের বেশি মানুষের সমাগম হয়।
এ বাজারের সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘একমাত্র গণশৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। ক্রেতা ও বিক্রেতাদের খোলা স্থানে মলমূত্র ত্যাগ করতে হচ্ছে। হাটের দিন সমস্যা হয় সবচেয়ে বেশি।’
তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, বাজারের পাশে দুটি মেথর পরিবার গণশৌচাগারটি দেখাশোনা করত। এর দরজা-জানালা ভেঙে গেছে। সাত মাস ধরে ব্যবহারের অনুপযোগী। আগের তুলনায় হাটে লোকসমাগম কয়েক গুণ বেড়েছে। এ জন্য দ্রুত বড় পরিসরে শৌচাগার নির্মাণ করা প্রয়োজন।
হাটের ইজারাদার নুরুল আমিন বলেন, গণশৌচাগার না থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের মলমূত্র ত্যাগ করতে হচ্ছে খোলা আকাশের নিচে। এতে হাটের পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।
ইউএনও জিলুফা সুলতানা বলেন, তারাগঞ্জ হাটে বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলছে। যথাযথ পরিকল্পনার মাধ্যমে সেখানে গণশৌচাগার নির্মাণ করা হবে।