সাদা-গলা বুলবুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই জাতীয় উদ্যানে গাছের ডালে সাদা-গলা বুলবুলি l লেখক
কাপ্তাই জাতীয় উদ্যানে গাছের ডালে সাদা-গলা বুলবুলি l লেখক

কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার নতুন রাস্তাটি দিয়ে আমরা ছয়জন হাঁটছিলাম পাখি, প্রজাপতি ও বন্য প্রাণীর খোঁজে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। দুপুরবেলা, তাই হয়তো তেমন একটা পাখি দেখা যাচ্ছে না। হঠাৎ করে ‘ক্যাক-ক্যাক-ক্যাক-ক্যাক’ শব্দ শুনে বনের কিছুটা ভেতরে ঢুকলাম। একটি গাছে বেশ কিছু পাখিকে লাফালাফি করতে দেখলাম। ঝাঁকে ৪-৫টি পাখি ছিল। তবে গাছের ঝোপালো অংশে থাকার কারণে ঠিকমতো ছবি তুলতে পারলাম না। ফিরতি পথে হাঁটা দিলাম। মোড়ের কাছাকাছি আসার একটু আগে রাস্তার পাশের বনে আবারও সেই ডাক শুনলাম। সন্তর্পণে শব্দের উৎসের দিকে এগিয়ে গেলাম। এখানেও ৪-৫টি পাখি। নাম না জানা একটি গাছের ছোট ছোট ফল খাওয়ায় ব্যস্ত। আমাদের দেখেই বোধ হয় সবাই পালাল। তবে একটি পাখি রয়ে গেল। সুন্দর কিছু ছবি তুললাম ওর। সেও বনের গভীরে উধাও হলো।
সুদর্শন এই পাখিটি আমাদের আবাসিক পাখি সাদা-গলা বুলবুলি (White-throated Bulbul বা Ashy-fronted Bulbul)। সাদা-বুক হলদে বুলবুলি নামেও পরিচিত। Pycnonotidae পরিবারভুক্ত পাখিটির বৈজ্ঞানিক নাম alophoixus flaveolus।
সাদা-গলা বুলবুলির ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার ও ওজন মাত্র ৪০ গ্রাম। এদের পিঠ জলপাই-বাদামি। মাথার চাঁদি বাদামি। মাথায় সুন্দর ঝুঁটি আছে। ডানায় লালচে-বাদামির আভা। গলা সাদা, বুক ও পেট হলুদ। লেজ লালচে। চোখ বাদামি ও ঠোঁট ধূসর। পা হালকা গোলাপি। অপ্রাপ্তবয়স্ক পাখির পিঠ হালকা বাদামি, ডানা লালচে। বুক-পেটে রয়েছে বাদামির আমেজ।
সাদা-গলা বুলবুলি দুর্লভ আবাসিক পাখি। মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে দেখা যায়। গাছের তলায় বা ঝোপঝাড়ে ছোট দলে বিচরণ করে। ছোট ছোট বুনো রসালো ফল ও পোকামাকড় খায়। তীব্র ও সুস্পষ্ট স্বরে ‘ক্যাক-ক্যাক-ক্যাক-ক্যাক’ শব্দে ডাকে। সাতছড়ি ও কাপ্তাই জাতীয় উদ্যানে গেলে এদের ডাক শোনা যায়।
এপ্রিল থেকে জুলাই প্রজননকাল। এ সময় মাটির কাছাকাছি ও জলাশয়ের আশপাশে ছোট গাছের শাখা বা ঝোপঝাড়ে ছোট ছোট শিকড়, শুকনো পাতা, বাঁশপাতা ইত্যাদি দিয়ে বাটির মতো ছোট্ট বাসা বানায়। বাসার ওপর শেওলাজাতীয় জিনিস দিয়ে লাইনিং দেয়। স্ত্রী-পুরুষ দুজনে মিলেই বাসা বানায়। এরপর স্ত্রী তাতে বেগুনি-গোলাপি ২-৩টি ডিম পাড়ে। ডিম ফোটে প্রায় ১৩-১৬ দিনে। বাচ্চাদের ওড়া শিখতেও প্রায় দু সপ্তাহ সময় লাগে।