সাদাপিঠ মুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাপিঠ মুনিয়া। রাজশাহী থেকে ছবিটি তুলেছেন মো. মারুফ রানা

ছোট বিলটার টলটলে পানির ওপর দিয়ে দুলতে দুলতে ছন্দময় ভঙ্গিতে উড়ে আসছে একটি ‘সাপ’। তা দেখে দুই ভাই রায়হান ও রোমান বুঝে ফেলল, বাসা বাঁধছে ছোট পাখিটি। সাপ নয়, পাখি এটা। ছোট, সুন্দর পাখি।

বাসার উপকরণ লম্বাটে সরু ঘাস, লতা, ধানের চিরল পাতা, বাঁশের শিকড়, কলাগাছের শুকনো সরু আঁশ, পরিত্যক্ত পাটের আঁশ ইত্যাদি মুখে-পায়ে অথবা শুধু মুখে ধরে উড়ে যায় এরা। তখন দারুণ একটা নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি হয়। মনে হয়, উড়ে চলেছে একটি সাপ।

এই প্রজাতির আর যে পাখিগুলো আছে আমাদের দেশে, বাসা বাঁধার উপকরণ মুখে ওড়ার সময় ওদেরও সরু উড়ন্ত সাপ বলেই মনে হয়। তো, বালক বয়সী দুই ভাই রায়হান ও রোমান জানে, পাখিটি বাসা করে কোথায়। ছোট ফুটবলের মতো গোলগাল ধরনের বাসা, বাসার প্রবেশমুখ খুঁজে পেতে কষ্ট হয়। বাঁশঝাড়, তালের চারার ও খেজুর চারার মাথার ভেতরটাসহ ঝোপালো ঝোপঝাড় ও গাছের সরু নিচু ডালের সংযোগস্থলে বাসা বানায়—মেয়ে-পুরুষ দুজনে মিলেই। বাসা বানানোর উপকরণ মুখে এরা যখন খালের ওপর দিয়ে উড়ে যায়, অথবা পাড়ি দেয় ছোট নদী, তখন পানিতে ওদের চমত্কার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়।

রায়হান, রোমান আমার খুবই পরিচিত। মা–বাবাসহ করোনাকালের শুরু পর্যন্ত ওরা মান্ডার ভাড়া বাসায় থাকত। মান্ডা বিলের ডাহুক, বক, মুনিয়াসহ নানা প্রজাতির পাখির পেছনে লেগে থাকত ওরা। মান্ডায় ছিল আমার নিত্য যাতায়াত—ঘুরতে যেতাম ওখানে। যেতাম ওদের বাসায়। ভয়ানক দুষ্টু ছিল ওরা। মাছ ধরত, কচ্ছপ ধরত। তো করোনাকাল শুরু হলে ওরা ভয়ে চলে যায় গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীতে। প্রায়ই ফোনে কথা হয় ওদের বাবা রোহেলের সঙ্গে, ওদের মায়ের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা হয় ওই এলাকার পাখি নিয়েও। আমিও আর মুগদার বাসা থেকে মান্ডায় যাই না এখন করোনার ভয়ে। গত জুনের ১৩ তারিখে তাঁরা আমাকে এই পাখির কথা জানান।

রায়হান-রোমানের দেখা ‘উড়ন্ত সাপটি’ ছিল এক প্রজাতির দুর্লভ মুনিয়া পাখি। নাম সাদাপিঠ মুনিয়া বা সাদাকোমর মুনিয়া। ইংরেজি নাম White-rumped munia। বৈজ্ঞানিক নাম Lonchura striata। দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার, ওজন ১২ গ্রাম। বুক, পেট ও পিঠের নিচের দিকটার রং তুলোট সাদা। ঘাড়, বুক, গলা, পিঠ ও মাথার রং কালচে বাদামি। টলটলে চোখের পাশটাসহ মুখমণ্ডল কালো। পিঠে সূক্ষ্ম রেখা আছে, রং বাদামি। ছোট, হালকা-পাতলা ঠোঁট ও পা নীলচে রঙের। ডাকটা এদের মিষ্টি—‘টুইটারিং টুইটারিং টির টির’ ধরনের। কালচে লেজটি এরা দোলায়, নাচায় প্রজনন মৌসুমে। জোড়ায় জোড়ায় চলে। ছোট বা বড় দলেও চরে। চরে অন্যান্য ছোট পাখির সঙ্গে মিশেও, খাদ্যের জন্যই এই দলবদ্ধতা। এরা যখন ঝাঁক বেঁধে উড়ে-ঘুরে আর দুলে দুলে নাচতে নাচতে সমস্বরে ডাকে, তখন দেখতে ভালোই লাগে।

এদের মূল খাদ্য নানান রকম শস্যদানা ও বীজ। বাসা বাঁধার মৌসুম গ্রীষ্মকাল থেকে হেমন্তকাল পর্যন্ত। ডিম পাড়ে ৩ থেকে ৬টি। ডিম ফুটে ছানা হয় ১০-১৪ দিনে। উড়তে শেখার পর মা-বাবার সঙ্গে যখন শস্যখেত বা ঘাসবনে যায় ও খিদের কান্না ছড়ায়, তখন অনেক সময় ছানা সোনাব্যাঙের কবলে পড়ে প্রাণ হারায়। বড়রাও অনেক সময় সোনাব্যাঙের কবলে পড়ে। গুইসাপ, বেজি, বনবিড়াল ও দাঁড়াশ সাপের কবলেও পড়ে।