সাভারে রাস্তায় রাস্তায় নির্মাণসামগ্রী

এক মাসের বেশি সময় ধরে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে বাড়ি নির্মাণ করছেন সাভার পৌর এলাকার তালবাগের এক বাসিন্দা। এতে ওই পথে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষই হাঁটাচলা করতে পারে না।
এ রকম আরও অনেকে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন। গত রোববার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে অন্তত ১০টি স্থানে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে কাজ করার দৃশ্য চোখে পড়ে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব নির্মাণসামগ্রীর কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তালবাগে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে বাড়ি বানাচ্ছেন আলী আকবর। বিষয়টি নজরে আনলে তিনি প্রথম আলোকে বলেন, ‘রাস্তা নির্মাণের সময় আমাকেও কিছু জমি ছাড় দিতে হয়েছে। তাই আমার প্রয়োজনে ওই রাস্তা আমি ব্যবহার করতেই পারি। এতে কারও অসুবিধা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব আমার নয়।’ তিনি প্রয়োজনে রাস্তাটি বন্ধ করে দেওয়ারও হুমকি দেন।
স্তূপ আকারে টুকরা পাথর রেখে ব্যস্ততম বাজার রোডের কাজিমুকমাপাড়া মোড়ের বেশ কিছু অংশ আটকে রাখা হয়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী খোকন সরকার বলেন, কারা এই পাথর রেখেছেন তা তিনি জানেন না। সপ্তাহ খানেক আগে এক ব্যক্তি ট্রাকে করে পাথর এনে তাঁর দোকানের সামনে রাস্তার ওপর ফেলে চলে যান। তিনি বলেন, এভাবে পাথর রাখায় দুর্ঘটনা ঘটছে। গত ২২ মে একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে পাথরের ওপর উঠে একটি হ্যালোবাইক উল্টে যায়। এতে বাইকটির যাত্রী আজিজুল হক গুরুতর আহত হন।
কাজিমুকমাপাড়ার বাদশা মিয়া সপ্তাহ খানেক আগে তাঁর বাড়িসংলগ্ন রাস্তার দুই পাশে আড়াআড়ি করে বাঁশ বেঁধে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। এরপর রাস্তার ওপর মিশ্রণযন্ত্র রেখে তাঁর বাড়ির ঢালাইয়ের কাজ করেন। এতে ওই এলাকাসহ ঘোষপাড়া, মধ্যপাড়া ও নামাবাজার এলাকার লোকজনের সেখান দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়।
তখন স্থানীয় কয়েকজন সাংবাদিক রিকশাযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বাঁধার মুখে পড়েছিলেন। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যাকে জানান। পরে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে চলাচলের জন্য রাস্তা খুলে দেন।
জানতে চাইলে বাদশা মিয়া বলেন, ‘রাস্তাটা কি শুধু আপনাদেরই? রাস্তার ওপর আমারও অধিকার আছে। এ নিয়ে থানা-পুলিশ করার কিছু ছিল না।’
সাভার সাবরেজিস্ট্রি কার্যালয়ের কাছে পালপাড়া এলাকায় রাস্তার ওপর পাথর ও বালু রেখে রাস্তা প্রায় বন্ধ করে রেখেছেন সুভাষ চন্দ্র ঘোষ নামের এক ব্যবসায়ী। পথচারীরা প্রতিবাদ করার পরও তিনি নির্মাণসামগ্রী সরাননি। স্থানীয় তপন পাল বলেন, ব্যস্ততম ওই এলাকায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখায় প্রতিদিনই স্কুলের সময় যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে সুভাষ ঘোষ বলেন, ‘এ নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? কাজ শেষ হলে রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে।’
এসব বিষয়ে যোগাযোগ করলে সাভার পৌরসভার মেয়র আবদুল গনি বলেন, রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখার প্রবণতা বাড়ছে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও কামরুল হাসান মোল্যা বলেন, সচেতনতার অভাবেই নাগরিকেরা রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে যানবাহন ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত করছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইন মানতে বাধ্য করার জন্য মাঝেমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।