
২১ ডিসেম্বর বাগেরহাটের ফকিরহাট অংশের চিত্রা নদীর চরে ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের’ আমরা কজন এক স্থানীয় সাংবাদিক বন্ধুকে নিয়ে পাখি দেখতে গিয়েছিলাম ‘চিত্রা সুন্দরী বনে’।
সেখানে দেখা পেলাম শীতের পরিযায়ী বড়সড় ও লম্বা ঠোঁট-পায়ের পাখির। এর নাম ‘রামচ্যাগা’। সাদাচোরা, সাদা কাঁচিচোরা, রণপা পাখি ও গুলিন্দা নামেও পরিচিত এরা। চারণভূমি মূলত নদীচর-হাওর-বাঁওড়সহ ছোট-বড় বিল-ঝিল। সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া জলাভূমি অঞ্চলে অনেক দেখা যায়। প্রতি শীত মৌসুমে পেশাদার পাখি শিকারিরা এদের ধরে ও মারে। গোপনে বিক্রিও হয়। প্রতি জোড়ার দাম ৪৫০ থেকে ১,৩০০ টাকা। এদের মেয়ে পাখিটি পুরুষের তুলনায় সামান্য ছোট, কিন্তু মেয়েটির ঠোঁট পুরুষটির চেয়ে বড়। বহুবারই এদের ঠোঁট-জিব দেখার সুযোগ হয়েছে আমার। জিবটা পান্না-সবুজ রঙের, খসখসে ও খুবই স্পর্শকাতর, ধারালো-আঁঠালো ও অনেকটাই রাবারের মতো বর্ধনশীল। ঠোঁট শক্ত। মাথা-ঠোঁট দিয়ে পাকিস্তান আমলে গ্রামের ছোট ছেলেমেয়েরা ‘ছুরি-লড়াই’ খেলত। ঠোঁটটি এরা এদের নাক পর্যন্ত গেড়ে দেয় জলকাদার তলায়।
দৌড়বিদ-সাহসী ও চতুর এই রামচ্যাগারা একনজরে ঘন-বাদামি রঙের পাখি, তার ওপরে চমৎকার ছিট ও ছোপের কারুকাজ। ডানার তলদেশ সাদা। পেট ও লেজের তলা বালু-সাদা। ১৭ সেন্টিমিটার লম্বা নলাকার ঠোঁটটির গোড়া হলুদাভ, বাকিটা কালচে-সবুজ। ঋতুভেদে শরীরের রং বদলে বাফ্ অথবা বাফ্-বাদামি হতে পারে। উড়লে পিঠ ও লেজের সাদা রংটা দেখা যায়, লেজের ওপরের আড়াআড়ি লালছে বাদামি সাত-আটটি রেখা দেখতে খুবই সুন্দর। মেলে দেওয়া ডানার ওপরও আছে যেন কাতান শাড়ির আঁচলের মতো বাহারি কারুকাজ।
রামচ্যাগার ইংরেজি নাম Eurasian curlew. বৈজ্ঞানিক নাম numenius arquata. দৈর্ঘ ৫০-৬০ সেমি। ওজন গড়পড়তা প্রায় এক কেজি।