সিঁদুরে কলমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঁদুরে কলমি। বগা লেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে পাহাড়ি টিলায় তোলা ছবি l লেখক
সিঁদুরে কলমি। বগা লেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে পাহাড়ি টিলায় তোলা ছবি l লেখক

অনেক দিন আগের কথা। খুব সকালে বান্দরবানের বগা লেক থেকে ট্রেকিং করে কেওক্রাডং পাহাড়ের উদ্দেশে রওনা হই। পাহাড়ে কনকনে শীত। পাহাড়ের গা বেয়ে বন্ধুর পথে হেঁটে চলা। পথে দেখা গাছপালার অনেক ছবি তুলেছিলাম। তাদের মধ্যে একটি বুনো লতার ফুলের রং আজও সেই দিনের পাহাড়ি পথকে মনে করিয়ে দেয়। পুরো পাহাড়ি পথে অনেক টিলায় এটির দেখা পেয়েছিলাম।
আলোছায়াময় পাহাড়ের টিলার গায়ে জড়িয়ে থাকা লতায় গাঢ় সবুজ পাতার মাঝে সিঁদুরে লাল রঙের ফুল। পাতা দেখে তখন মনে হয়েছিল কোনো কলমি প্রজাতির লতা। কিছুদিন পর ভারতীয় বনফুলের একটি বই ঘেঁটে লতাটির নাম জানতে পারি। এত দিন লেখা হয়ে ওঠেনি। আমাদের বনফুলের প্রায় সব বইপত্তর ঘেঁটে কোনো বাংলা নাম পাইনি। বাংলা নাম নেই বলে এটিকে সিঁদুরে কলমি নামটি দিয়েছি। ভারতের মারাঠি ভাষায় এ লতাকে বলা হয় লাল পুংলি।
এ লতা পাহাড়ের আলোছায়াময় আর্দ্র পরিবেশে বেড়ে ওঠে। বর্ষজীবী উদ্ভিদ। লতা মসৃণ ও লোমশ, পাতা হৃৎপিণ্ডাকার এবং তাতে তিনটি খাঁজ আছে। ফুলের বোঁটা পাতার বোঁটা থেকে লম্বা। একটি বোঁটায় এক বা একাধিক ফুল থাকতে পারে। বৃতি আয়তাকার, দৈর্ঘ্য ১ দশমিক ৫ থেকে ৩ মিলিমিটার। পাপড়ির গোড়া নলাকার। রং সিঁদুরে লাল। পুংকেশর ফুলের মধ্যাংশ বরাবর বাইরে অনেকটা বেরিয়ে আসে। ফল ক্যাপসুল, প্রতি ফলে কয়েকটি বীজ থাকে। বংশবৃদ্ধি ঘটে বীজ দিয়ে। আমেরিকা আদি আবাস হলেও ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে। তবে আমাদের পাহাড়ে এটির উপস্থিতি সত্যিই অবাক করার মতো। হয়তো কোনো পরিযায়ী পাখির মাধ্যমে বীজ ছড়িয়ে পড়েছে।
এ লতার বৈজ্ঞানিক নাম Ipomoea hederifolia। পরিবার Convolvulaceae। বাংলাদেশের পাহাড়ি এলাকায় এটির শুধু দেখা পেয়েছি। ইংরেজি নাম Scarlet Morning Glory, Scarlet Creeper। ফুল ফোটে সকালে এবং রোদ বাড়লে পাপড়ি নেতিয়ে পড়ে। শীতের শুরুতে ফুল ফোটে। পুরো শীতজুড়েই থাকে লালের ঝলকানি।