সিংপুরে দেড় শতাধিক ঘর বিলীন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামে প্রবল স্রোত ও আফালে (বাতাসের কারণে উত্তাল ঢেউ) গত ১৩ দিনে দেড় শতাধিক ঘর বিলীন হয়ে গেছে। ভেঙে যাচ্ছে সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সিংপুর গ্রামের ভোলাপাড়া, দালানভাঙা, বড় হাটি ও পাতারকান্দি—এই চার পাড়ায় কয়েক দিন আগেও ছিল বসতি। এখন সেখানে থইথই পানি। ধনু নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে সিংপুরের বেশির ভাগ জনপদ। ১৬ জুন থেকে গতকাল রোববার পর্যন্ত ১৩ দিনে দেড় শতাধিক ঘর চলে গেছে নদীগর্ভে। ভাঙনকবলিত এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গত শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
সিংপুর গ্রামের ভোলাহাটি পাড়ার বাসিন্দা মানিক মিয়া, মাজু মিয়া ও আক্কাস আলী বলেন, ‘বর্ষায় একদিকে কাজ নেই, অন্যদিকে ভাঙনে ভিটে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। ভাঙনের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন বা জনপ্রতিনিধিরা আমাদের কোনো খোঁজ নিচ্ছে না। অনেকে পরিবার-পরিজন নিয়ে দিনমজুরি করতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বড় বড় শহরে চলে গেছেন। অনেকে আবার আশ্রয় নিয়েছেন অন্য কোনো গ্রামে বা আত্মীয়স্বজনের বাড়িতে।’
সিংপুর ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ইমাম হোসেন বলেন, ১৯৯৬ সালে সিংপুর গ্রামে পরিবারের সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার। প্রতিবছর নদীভাঙনের কারণে বর্তমানে পরিবারের সংখ্যা ৯ হাজারে দাঁড়িয়েছে। ওই পরিবারগুলো অন্য জায়গায় চলে গেছে।
সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসিম বলেন, ‘২০ জুন হঠাৎ স্কুলের উত্তর পাশের কক্ষটি প্রবল স্রোতে ভেঙে যায়। পরদিন আমি বিষয়টি উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও মাহবুব আলম বলেন, ‘ভাঙনের বিষয়টি আমি গত শনিবার জেলা প্রশাসককে জানিয়েছি।’