সিডর-আইলার চেয়ে দুর্বল ছিল মোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজারের উপকূলীয় এলাকা অতিক্রম করে চলে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ির দিকে রওনা হয়েছেন লোকজন। তাঁরা সোমবার বাড়িঘর ছেড়ে শহরের বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন। গতকাল সকালে ছবিটি থানা রোড থেকে তোলা l আব্দুল কুদ্দুস
ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজারের উপকূলীয় এলাকা অতিক্রম করে চলে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ির দিকে রওনা হয়েছেন লোকজন। তাঁরা সোমবার বাড়িঘর ছেড়ে শহরের বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন। গতকাল সকালে ছবিটি থানা রোড থেকে তোলা l আব্দুল কুদ্দুস

১০ নম্বর মহা বিপৎসংকেত নিয়ে সিডরের ১০ বছর পর এবার আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোরা’। কিন্তু সিডরের তুলনায় মোরা বেশ দুর্বল ছিল। এর বাতাসের গতি, জলোচ্ছ্বাসের উচ্চতা ও বিস্তৃতি সিডরের চেয়ে অনেক কম ছিল। এমনকি সাত নম্বর বিপৎসংকেত নিয়ে আট বছর আগে আঘাত হানা আইলাও মোরার চেয়ে শক্তিশালী ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে এই বিষয়গুলো উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার ভোর সোয়া পাঁচটায় কুতুবদিয়া ও সেন্ট মার্টিনে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা। দুপুর ১২টা পর্যন্ত এটি বাংলাদেশ ভূখণ্ডে অবস্থান করে। এর বাতাসের গড় গতিবেগ ছিল ৮৯ থেকে ১১৭ কিলোমিটার। বাতাসের গতিবেগ সর্বোচ্চ উঠেছিল চট্টগ্রামে, ঘণ্টায় ১৪৬ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোরা সিডর ও আইলার চেয়ে কম সময় (পাঁচ-ছয় ঘণ্টা) বাংলাদেশ ভূখণ্ডে অবস্থান করে ভারতে চলে যায়। সিডর প্রায় ১০ ঘণ্টা ও আইলা ৯ ঘণ্টা বাংলাদেশ ভূখণ্ডে অবস্থান করেছিল।

এ ব্যাপারে বেসরকারি সংস্থা ব্র্যাক-এর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক নাইম গওহর ওয়ারা বলেন, ‘দুর্যোগ পূর্বাভাস কখনো কখনো মিথ্যাবাদী রাখালের গল্পের মতো হয়ে যায়। মিথ্যা মিথ্যা বাঘ আসার গল্প বলার পর যেবার সত্যি সত্যি বাঘ এল, সেবার আর গ্রামবাসীরা রাখালকে বিশ্বাস করল না। সিডরের আগে দুবার দুটি ঝড়ের সময় ১০ নম্বর মহা বিপৎসংকেত দেওয়া হয়েছিল। কিন্তু দুবারই তেমন কিছু হয়নি। তৃতীয়বার যখন ১০ নম্বর সংকেত দেওয়া হলো, আগের দুবারের মতোই অল্পের ওপর দিয়ে যাবে, এই ধারণা থেকে অনেকেই আর আশ্রয়কেন্দ্রে গেল না। এর ফল কত ভয়াবহ হয়েছিল তা আমরা জানি।’

তবে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ বলেন, ‘ঝড়টির প্রকৃতি দেখে আমরা সঠিকভাবে পূর্বাভাস দিয়েছি। আঘাতের এলাকা ছিল উপকূলের সবচেয়ে উঁচু ও পাহাড়ি এলাকা কক্সবাজার ও চট্টগ্রাম। প্রস্তুতি ভালো থাকায় এবার ক্ষয়ক্ষতি সিডর ও আইলার তুলনায় কম হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা সিডরের আগে ১০ নম্বর মহা বিপৎসংকেত
দেওয়া হয়েছিল। সিডরে বাতাসের গতিবেগ উঠেছিল ২৬০ কিলোমিটার।

স্বাভাবিকের চেয়ে ২৫-৩০ ফুট জলোচ্ছ্বাস নিয়ে এটি দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল।

২০০৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলার সময় দেওয়া হয়েছিল ৭ নম্বর বিপৎসংকেত। কিন্তু জলোচ্ছ্বাসের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১০-১২ ফুট উঁচু ছিল আর বাতাসের গতিবেগ ছিল গড়ে ১৩০ কিলোমিটার। সিডর ও আইলার ব্যাসার্ধ ছিল যথাক্রমে ৪৮০ ও ৩০০ কিলোমিটার। আর ‘মোরা’র ব্যাসার্ধ ছিল ২০০ কিলোমিটার।

.
.

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশিক্ষণ অবস্থান করেছে টেকনাফ, কুতুবদিয়া, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায়। ওই এলাকাগুলোতে বাড়িঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি অন্য এলাকাগুলোর চেয়ে বেশি হয়েছে বলে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, সাতক্ষীরা, যশোরে ঘূর্ণিঝড়টি তেমন আঘাত হানেনি।

মোরা দুর্বল হয়ে যাওয়ায় গতকাল দুপুর ১২টার পর থেকে ১০ নম্বর মহা বিপৎসংকেত সরিয়ে নিতে বলা হয়। পরে বিকেল পাঁচটায় সব ধরনের বিপৎসংকেত সরিয়ে নিতে বলে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়, সমুদ্র শান্ত রয়েছে। আপাতত ঝোড়ো হাওয়ার আর কোনো আশঙ্কা নেই।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম ছাড়াও দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৭৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টি হয়েছে।

স্থল নিম্নচাপের প্রভাবে আজ বুধবার দিনের প্রথম ভাগ পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

ক্ষয়ক্ষতি

ছয় ঘণ্টার ঝড়ে সেন্ট মার্টিন থেকে শুরু করে টেকনাফ, শাহ্‌পরীর দ্বীপ, কুতুবদিয়া, কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল দিয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’। এ সময় কক্সবাজারে চারজন ও রাঙামাটিতে দুজন প্রাণ হারিয়েছেন। বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে প্রায় ২০ হাজার। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে করা সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের সময় উপকূলের ৪ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রলালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব) গোলাম মোস্তফা বলেন, উপদ্রুত এলাকার মানুষের জন্য ১ হাজার ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ১ কোটি ৪৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ে গাছচাপায় নিহত চারজন হলো চকরিয়ার ভেউলা মানিকচর এলাকার সায়েরা খাতুন, একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রহমত উল্লাহ, কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের শাহিনা আক্তার ও পেকুয়ার উজানটিয়া এলাকার আবদুল হাকিম।

এ ছাড়া রাঙামাটি শহরের আসাম বস্তি এলাকার হাজেরা খাতুন (৪৫) ও মসলিনপাড়ার নাসিমা আক্তার (১৩) গাছের চাপা পড়ে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ভোলার মনপুরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মায়ের কোলেই এক বছরের একটি শিশু মারা গেছে। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানা গেছে।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৮টি উপজেলার প্রায় ৫২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে দুই লাখের বেশি গাছপালা।

জেলা প্রশাসন সূত্র জানায়, কক্সবাজারে ক্ষতিগ্রস্ত ৫২ হাজার ঘরবাড়ির মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ১৭ হাজার ২৩টি। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯। ঝড়ে গৃহহীন হয়ে পড়া কয়েক হাজার মানুষ খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছে। গতকাল সকাল থেকে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল।