সিপাহি বুলবুলির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ থেকে সিপাহি বুলবুলির ছবি তুলেছেন আ ন ম আমিনুর রহমান।

২১ জুন শিশু একাডেমিতে গেলাম জরুরি প্রয়োজনে। ঘড়িতে বেলা ১১টা। এই শিশু একাডেমি প্রাঙ্গণ আমার অতি প্রিয়। ১৯৯৩ সাল থেকে নিয়মিত যাতায়াত আমার এখানে। ১৯৯৯ সালে আমরা কজন মিলে শিশু একাডেমি প্রাঙ্গণের পাখিদের একটি চেকলিস্ট তৈরি করেছিলাম। এই প্রাঙ্গণে তখন এক জোড়া নীলকণ্ঠ পাখি ও এক জোড়া লম্বালেজি কসাই পাখি ছিল। নীলকণ্ঠ বাসা করত প্রাঙ্গণেরই একটি মরা পামগাছের কোটরে। সেদিন একটি দেবদারুগাছে বুলবুলির বাসা দেখলাম। মা-বাবা খাবার মুখে বারবার যাতায়াত করছে দেবদারুর ঘন পাতা ভেদ করে। মাটিতে চারটি ‘খাই খাই’ ছানা নিয়ে চরছে এক জোড়া গোশালিক। হরীতকীগাছ থেকে মাটিতে নেমে দুটি রঙিন পাঁচডোরা কাঠবিড়ালি ছানা চারটির সঙ্গে খুনসুটি করছে। পুতুল-পুতুল আর আমুদে-খেলুড়ে এই ছোট সুন্দর কাঠবিড়ালিরা মজা করতে ভালোবাসে।

বিরাট ফুলবাগানটিতে ঢুকলাম। এক জোড়া সিপাহি বুলবুলি আমাকে দেখে উত্তেজিতভাবে ওড়াউড়ি আর ‘ট্রুর-ট্রুর-ট্রুর’জাতীয় শব্দে ডাকাডাকি করছে। ব্যাপারটা বুঝতে আমার দেরি লাগল না মোটেও। একটু এগিয়েই ডান দিকের একটা পাতাবাহারগাছের মাথার ভেতরে দেখতে পেলাম গোলাকার বাটির মতো বাসাটি। বাসায় ছানা চারটি। কাছে গিয়ে বুঝলাম, ছানাগুলোর বয়স সাত-আট দিন হবে। মায়া মায়া চাহনি। পুঁচকে লেজ। মা-বাবার সতর্ক সংকেতের কারণে বাসায় বসে আছে বুক-পেট সেঁটে। ওদের ধারণা, ওদের আমি দেখতেই পাচ্ছি না! সাহসী মা-বাবা পাখি আশপাশের ফুলগাছে বেজায় লম্ফঝম্ফ করছে, আমাকেই বোধ হয় গালাগাল ঝাড়ছে। ছানা চারটির বিশ্বাসকে মূল্য দিয়ে দূরে সরে গেলাম। শিশুগ্রন্থ ভবনের পেছনের দিকের প্রকাণ্ড তেঁতুলগাছের ডালে ঝুলতে দেখলাম প্রকাণ্ড একখানা মৌচাককে। আহারে মৌচাক!

ঝুম বৃষ্টি নামল দুপুর ঠিক ১২টায়। দৌড়ে গিয়ে ঢুকলাম অফিস ভবনের ভেতর, বসলাম সোফায়। চেনাজানা একজন এল, তার ছাতা নিয়ে আবার ফুলবাগানে। খুব কাছে গেলাম বাসাটার। বাবা বা মা পাখি চারটি ছানাকে বুক-পেটে আগলে আর পাখা দুখানাকে অনেকটাই ছাতার মতো মেলে ধরে ছানা চারটিকে বৃষ্টির পানি থেকে বাঁচাতে চাইছে। আমি নিশ্চিত, উড়বে না পাখিটা, ভয় ওটা পাচ্ছে, কিন্তু ছানাগুলোকে বৃষ্টির পানিতে ভিজতে দেবে না অত সহজে। যদিও বৃষ্টিতে ভিজলে এই বয়সী ছানাদের কিছুই হয় না। পাখিটার এক চোখে ভয় আর অন্য চোখে সন্তানস্নেহ।

সিপাহি বুলবুল! আহারে সৌন্দর্য পাখিটির শরীরে! বেশি সুন্দর বোধ হয় মাথা-কপালের ওপরকার লম্বা-খাড়া চকচকে কালো রঙের ঝুঁটিটা। গলার তুলট-সাদা পালকগুলো ফুলে ফুলে দুলে দুলে ওঠে গান গাওয়া বা ডাকার সময়। সে এক দারুণ সৌন্দর্য! চোখের নিচটার টকটকে আলতার মতো রংটাও দারুণ সুন্দর। ঘাড় থেকে বুকের পাশ অবধি নেমেছে চওড়া কালো রং। বুক-পেট সাদাটে। পা ও ঠোঁট কালো। ঘাড়-পিঠ কালচে বাদামি। মূল খাদ্য নানান রকম ছোট ফল, ফুলের মধুরেণু, পোকামাকড়সহ লার্ভা, শুঁয়াপোকা, গাছের বাকলের তলার পোকা ইত্যাদি। ঢাকা শহরের নিরিবিলি পার্ক-উদ্যানের ফুলবাগানের পছন্দসই গাছের মাথায় (চার-সাত ফুট উচ্চতায়) বসন্ত-হেমন্তে বাসা করে। ডিম পাড়ে দু-চারটি। ফোটে ১৪-১৮ দিনে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণেও বাসা দেখা যেতে পারে। গ্রামবাংলায় বাসা করে এরা ঝোপঝাড়ের মাথায়। অতি অল্পতেই অসম্ভব উত্তেজিত হয়ে ওঠে, দারুণ চিৎকার-চেঁচামেচি ও লাফালাফি করে। শত্রুকে যেমন দাঁড়াশ সাপ-গুইসাপ-বেজি-বনবিড়ালকে এরা প্রবল বিক্রমে ও চতুরতা খাটিয়ে বাচ্চার সীমানা থেকে হটিয়ে দেয়। বাসা করার পরই এক জায়গায় থিতু হয়। এমনিতে ভবঘুরে স্বভাবের পাখি এরা।

চালচলনে একটা আভিজাত্য থাকা ও সারা বাংলাদেশে দেখতে পাওয়া সিপাহি বুলবুলিরা সিপাহি, সেনাপতিসহ আরও অনেক নামে পরিচিত। দৈর্ঘ্য ২০ সেন্টিমিটার। ওজন ২০ গ্রাম। রাজবুলবুলি নামেও পরিচিত দেশের কোনো কোনো অঞ্চলে। এদের বাসায় চুরি করে ডিম পাড়ে কোকিল। ইংরেজি নাম রেড হুইস্কারড বুলবুল। বৈজ্ঞানিক নাম Pycnonotus jocosus.