নাটোর ও পাবনায় বজ্রপাতে দুজনের মৃত্যু
সিরাজগঞ্জে ঝড়ে ঘরবাড়ি, ফসলের ক্ষতি, শতাধিক গ্রাম বিদ্যুৎহীন

সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়ায় গতকাল সোমবার ঝড়ে পাঁচটি ইউনিয়নের শতাধিক গ্রামের গাছপালা, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ও তার ছিঁড়ে পড়ায় শতাধিক গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শতাধিক বাড়িঘর ও দোকানপাটের চাল উড়ে গেছে। একই দিন নাটোরের সিংড়াসহ চলনবিলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি এবং ফসলের ক্ষতি হয়েছে।
এদিকে ঝড়ের সময় বজ্রপাতে নাটোরের লালপুরে একজন এবং পাবনায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পাবনায় ঝড়ের সময় দেয়ালচাপায় একজনের মৃত্যু হয়েছে।
তাড়াশ উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টা থেকে ঝড় শুরু হয়। থেমে থেমে প্রায় ২০ মিনিট ধরে চলা ঝড়ে তাড়াশ-কুন্দইল, তাড়াশ-নিমগাছী, তাড়াশ-কাটাগাড়ী ও তাড়াশ-রানীরহাট সড়কের সহস্রাধিক গাছাপালা ভেঙে গেছে। প্রবল বৃষ্টির কারণে উপজেলার ভাদাস, ধাপ-ওয়াশিন, কাস্তা, বেত্রাশিন, বিনসাড়া, কাজীপুর, মালশিন, গুড়মা, আড়ংগাইল, দোগাড়িয়া, পৌষার, দেশীগ্রাম, মাঝ দক্ষিণা, বৈদ্যনাথপুর, লাউশন, বস্তুল, বিনীতপুর, মাগুড়াবিনোদ, দীঘিসগুনা, লালুয়ামাঝিড়া, মাকড়শোন, কুসুম্বীসহ অনেক গ্রামের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়।
অন্যদিকে ঝড়ে উপজেলার তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের শতাধিক গাছ ভেঙে পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক বাড়িঘর ও দোকানের চাল উড়ে গেছে। তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতি তাড়াশ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুজ্জামান জানান, ঝড়ে শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এবং বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শতাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বেশ কিছু জমির পাকা ধান ডুবে গেছে।
এদিকে টানা পাঁচ দিন ধরে দফায় দফায় ঝড় ও প্রবল বৃষ্টিতে চলনবিল-অধ্যুষিত উল্লাপাড়ার বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে বিস্তীর্ণ জমির আধা পাকা ধান ও সদ্য বোনা পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণে ফুলজোড়, মুক্তাহার, করতোয়া নদ-নদীসহ শাখা নদীগুলোর পানি বাড়ায় উপজেলার বড়পাঙ্গাসী, মোহনপুর, উধুনিয়া, বাঙ্গালা, বড়হর, সদর ইউনিয়নসহ নিচু এলাকাগুলোর ফসল ডুবে গেছে। উল্লাপাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক জানান, এ বছর প্রায় ৮০০ হেক্টর জমিতে পাট বোনা হয়েছিল। প্রবল বৃষ্টিতে বীজগুলো ভেসে গেছে।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনসুর উদ্দীন জানান, ঝড়ে ভেঙে পড়া গাছগুলো সরিয়ে নেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা তৈরি করা হচ্ছে।
নাটোরের সিংড়াসহ চলনবিল এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি এবং বোরো ধান, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ইটালী ইউনিয়নের কয়েকটি গ্রামে ঝড়ে অর্ধ শতাধিক কাঁচা ও আধা পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ১৫ হাজার হেক্টর জমির ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় সিংড়া উপজেলার অর্ধশতাধিক গ্রামসহ চলনবিল এলাকার অনেক গ্রাম বিদ্যুৎহীন রয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহসান জানান, ঝড় ও বৃষ্টিতে বোরো ধান ও কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
নাটোরের লালপুর উপজেলায় গতকাল মাঠে কাজ করার সময় বজ্রপাতে হাফিজুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হন।
হাফিজুল, সোহেল ও অপর দুই ব্যক্তি পার্শ্ববর্তী নাওদাড়া মাঠে কাজ করা অবস্থায় ঝড় শুরু হয়। এ সময় এবং বজ্রপাতে হাফিজুলের মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা একই গ্রামের সোহেল ও অজ্ঞাত এক ব্যক্তি আহত হন।
পাবনা পৌর এলাকার কিসমত প্রতাপপুর মহল্লায় ও চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে গতকাল সকালে ঝড়ে দেয়ালচাপা পড়ে ও বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন কিসমত প্রতাপপুর মহল্লার মোজাফ্ফর হোসেন (৬৫) ও বোয়ালিয়া গ্রামের বাচ্চু মিয়া (৪০)।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, কিসমত প্রতাপপুরে প্রচণ্ড বাতাসে একটি বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে পড়ে। এতে মোজাফ্ফর হোসেন ও স্বপ্না খাতুন নামে দুই ব্যক্তি আহত হন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মোজাফ্ফর হোসেন মারা যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই সময়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের একটি ফসলের মাঠ থেকে মহিষ নিয়ে বাড়ি ফিরছিলেন বাচ্চু মিয়া। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর প্রতিনিধি]