সিরাজগঞ্জে পানি বৃদ্ধিতে শত বছরের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা শত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটিও হুমকির মুখে পড়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার সদর, শাহজাদপুর, চৌহালী, কাজীপুর উপজেলার চরাঞ্চলের ৮০ ভাগ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। এ সব এলাকার শত শত হেক্টর পাট, সবজির খেত ও সদ্য রোপণ করা ধানের গাছ তলিয়ে গেছে। অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। চৌহালী উপজেলার এনায়েতপুর বাজারের পাকা সড়ক ও দোকান পানিতে ডুবে গেছে। যমুনা নদীর তীরবর্তী বাঁধের অভ্যন্তরের প্রায় সহস্রাধিক বাড়িঘর চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সেই সঙ্গে চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আমরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি। সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি শত বছরের রেকর্ড ভঙ্গ করেছে।’ তিনি আরও বলেন, বন্যার ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে। আগামী দুই দিন পানি আরও বৃদ্ধি পাবে। বাঁধ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ নজরদারিতে রাখা হয়েছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফা বন্যায় আজ পর্যন্ত ৩৫টি ইউনিয়নের তিন শ গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এ সব এলাকার জন্য ১৭০ মেট্রিকটন চাল ও নগদ সাড়ে আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।