সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দী দেড় লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ওসমানীনগর উপজেলার লামা তাজপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর পাড়ে সাদিপুর থেকে গালিমপুর পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ এই নদীরক্ষা বাঁধটি ভেঙে গেছে। ছবিটি আজ ‍দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

ভারী বর্ষণ ও ঢলে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতি আজ সোমবার অপরিবর্তিত ছিল। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। তবে রাত সাড়ে আটটার দিকে বৃষ্টিপাত অনেকটাই কমেছে। বর্তমানে জেলার নয়টি উপজেলায় অন্তত দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটে আজ নতুন করে বন্যার পানি বাড়েনি। কিন্তু কুশিয়ারা নদীর পানি না কমায় জেলার বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার দেড় শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। এর বাইরে সিলেট সদর, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলারও ৪৫টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
বন্যাকবলিত ব্যক্তিরা জানান, ভারত থেকে নেমে আসা ঢলেই মূলত এ বন্যা দেখা দিয়েছে। আজ দুপুরে বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর, তিলক চানপুর, ইলাশপুর, নয়া চানপুর ও খাশিপুর গ্রামের শতাধিক বাড়িঘর পানির নিচে তালিয়ে আছে। এসব বাড়ির চারপাশে হাঁটু থেকে কোমরসমান পানি। এর ফলে বাসিন্দারা ঘরের ভেতর বন্দী জীবন কাটাচ্ছেন।

সিলেটের ওসমানীনগর উপজেলার লামা তাজপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর পাড়ে সাদিপুর থেকে গালিমপুর পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ এই নদীরক্ষা বাঁধটি ভেঙে গেছে। ছবিটি আজ ‍দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
সিলেটের ওসমানীনগর উপজেলার লামা তাজপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর পাড়ে সাদিপুর থেকে গালিমপুর পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ এই নদীরক্ষা বাঁধটি ভেঙে গেছে। ছবিটি আজ ‍দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের কৃষিজীবী জফির মিয়া (৪৫) জানান, বন্যার পানি ঘরে ওঠায় সাপ-পোকার উপদ্রব বেড়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট এবং গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে। ওই গ্রামের দুজন গৃহিণী জানান, বন্যার পানিতে টয়লেট তলিয়ে যাওয়ায় নারীদের বেশি সমস্যা হচ্ছে। এ ছাড়া রান্নাঘর তলিয়ে যাওয়ায়ও রান্নাবান্নার কাজে সমস্যা হচ্ছে।
জেলার আটটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও আজ বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর, সোনাপুর, পানিগাঁও, সিকন্দরপুর, করিমপুর, মোহাম্মদপুর, মালাকান্দি গ্রামেও বন্যার পানি কিছুটা বেড়েছে। এসব গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, কুশিয়ারা নদীর পানি বাড়ায় ক্রমশ তাঁদের গ্রামগুলোতেও পানি বাড়ছে।
সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার আজ দিনভর বালাগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাকবলিত গ্রাম পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আবহাওয়া তুলনামূলক ভালো থাকায় সিলেটের কোনো কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে সন্ধ্যার পর থেকে পুনরায় বৃষ্টিপাত হওয়ায় বন্যার অবনতি হয়। তাই সব মিলিয়ে এখন বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।’ তিনি জানান, আজ পর্যন্ত জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে ৮৯টি পরিবার আশ্রয় নিয়েছে।
জেলার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদি। আজ সোমবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।