সীতাকুণ্ডে স্বাভাবিক হয়নি জীবনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোরশেদ আলী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রবল বাতাসে গাছের ডালের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে ঘূর্ণিঝড় রোয়ানুতে সীতাকুণ্ডে তিনজন মারা গেলেন। এদিকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। দুদিন ধরে বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।
মৃত মোরশেদ আলীর বাড়ি বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর গ্রামে। স্থানীয় সূত্র জানায়, রোয়ানু আঘাত হানার আগে গবাদিপশু ও ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে আকিলপুর আশ্রয়কেন্দ্রে যান মোরশেদ। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। গত রোববার দুপুরে ওই এলাকার একটি বিলের মাঝে তাঁর লাশ পাওয়া যায়।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, মোরশেদ আলীর মাথায় জখমের চিহ্ন রয়েছে। ঝড়ে গাছের ঢালপালা ভেঙে মাথায় পড়লে আঘাত পেয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ জেলেপাড়া, বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর, জমাদারপাড়া, বোয়ালিয়াকুল এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ঘূর্ণিঝড়ে এসব এলাকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সরেজমিনে দেখা যায়, কেউ কেউ জোয়ারের স্রোতে ভেসে যাওয়া ভিটের মাটি ভরাটের চেষ্টা করছেন।
পাক্কা মসজিদ এলাকার রত্না জলদাস বলেন, জলোচ্ছ্বাসে তাঁর ঘরের বেড়াসহ আসবাব ভেসে গেছে। তাঁরা ত্রাণ পাননি। জনপ্রতিনিধিরা তাঁদের একবারও দেখতে আসেননি।
বাঁশবাড়িয়া ইউপি কার্যালয়ে ত্রাণ নিতে আসা মো. আলী বলেন, তাঁর ঘরের সব জিনিসপত্র ভেসে গেছে। এমনকি কাপড়চোপড়ও নেই। তিনি বলেন, আটজনের পরিবারের জন্য তিনি চাল পেয়েছেন ১০ কেজি। এটুকু চালে তাঁদের দু-তিন দিনের বেশি চলবে না। এখন তিনি খাবার জোগাড় করবেন নাকি ঘর ও আসবাব তৈরি করবেন, তা বুঝে উঠতে পারছেন না।
চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, ঘূর্ণিঝড়ে তাঁর ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, তাঁর ইউনিয়নের দুই কিলোমিটার বেড়িবাঁধ অনেক বছর আগে বিলীন হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে ১০ টন চাল বিতরণ করা হয়েছে।