সীতাকুণ্ডের উপকূল লন্ডভন্ড, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপকূলে একটি জাহাজভাঙা ইয়ার্ডে নোঙর করে রাখা ছিল এই স্ক্র‍্যাপ জাহাজ। জোয়ারের উচ্চতা ও তীব্রতা বেশি থাকায় জাহাজটি নোঙর ছিঁড়ে পাশের কারখানার স্থাপনায় আঘাত করে। ছবিটি গতকাল বিকেলে তোলা l কৃষ্ণ চন্দ্র দাস
সীতাকুণ্ড উপকূলে একটি জাহাজভাঙা ইয়ার্ডে নোঙর করে রাখা ছিল এই স্ক্র‍্যাপ জাহাজ। জোয়ারের উচ্চতা ও তীব্রতা বেশি থাকায় জাহাজটি নোঙর ছিঁড়ে পাশের কারখানার স্থাপনায় আঘাত করে। ছবিটি গতকাল বিকেলে তোলা l কৃষ্ণ চন্দ্র দাস

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল লন্ডবন্ড হয়ে গেছে। ঘর চাপা পড়ে মা-ছেলে নিহত হয়েছে। জোয়ারে ডুবে গেছে চারটি ইউনিয়নের ১৭টি গ্রাম। গাছ ভেঙে ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বেড়িবাঁধের অরক্ষিত দুই কিলোমিটার এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে বোয়ালিয়াকুল, আকিলপুর, জমাদারপাড়া, মাঝামাঝিপাড়া তলিয়ে যায়। এ ছাড়া কুমিরা ইউনিয়নের জেলেপাড়া, ছোট কুমিরা, সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ, ফকিরহাট ও ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শুক্রবার রাত রাত তিনটার দিকে লোকমানিয়াঘোনা এলাকায় ঘর চাপা পড়ে মো. রফিকের স্ত্রী কাজল বেগম (৪৮) ও ছেলে মো. বেলাল হোসেন (১০) নিহত হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঝড়ে অন্তত চার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রবল বর্ষণ, দমকা হাওয়া ও জোয়ারের প্রবল স্রোতে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে একটি জাহাজভাঙা কারখানার একটি স্ক্র্যাপ জাহাজের নোঙর ছিঁড়ে পাশের জাহাজভাঙা কারখানায় আঘাত হানে।
সীতাকুণ্ডের ফৌজদারহাট, বাড়বকুণ্ড, কুমিরা এলাকায় বিদ্যুতের ছোট-বড় অনেক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।