সীমান্তের ওপারের হরিণ পথ ভুলে হাওরপাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তের ওপার থেকে পথ ভুলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরপাড়ে চলে আসা বাচ্চা হরিণটি। আজ মঙ্গলবার উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রামের মনফর আলীর বাড়িতে
প্রথম আলো

সীমান্তের ওপারের একটি বাচ্চা হরিণ পথ ভুলে চলে এসেছিল হাওরপাড়ে। পরে লোকজন দেখতে পেয়ে সেটিকে ধরে আনেন মনফর আলী নামের গ্রামের এক ব্যক্তির বাড়িতে। খবর পেয়ে হরিণ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায় ওই বাড়িতে। পরে বন বিভাগের লোকজন খবর পেয়ে হরিণটিকে তাঁদের হেফাজতে নিয়েছেন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রামের পাশের হাওর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজনের হাতে এই হরিণের বাচ্চাটি ধরা পড়ে।

এই এলাকায় হরিণের দেখা সচরাচর মেলে না। ভারতীয় বনাঞ্চল থেকে হরিণের বাচ্চাটি পথ ভুলে সীমান্তের ওপার থেকে এখানে চলে এসেছে বলে আমাদের ধারণা। হরিণের বাচ্চাটির গায়ে আঘাত রয়েছে।
মনফর আলী, গ্রামের বাসিন্দা

গ্রামের বাসিন্দা মনফর আলী জানান, দুপুরে গ্রামের পাশের হাওরপাড়ে এক লোক প্রথমে হরিণের বাচ্চাটি দেখতে পান। পরে আরও লোকজনকে খবর দিলে সেটিকে তাড়া করে ধরা হয়। এরপর হরিণটিকে আনা হয় তাঁর বাড়িতে। মনফর আলী বলেন, এই এলাকায় হরিণের দেখা সচরাচর মেলে না। ভারতীয় বনাঞ্চল থেকে হরিণের বাচ্চাটি পথ ভুলে সীমান্তের ওপার থেকে এখানে চলে এসেছে বলে তাঁরা ধারণা করছেন। হরিণের বাচ্চাটির গায়ে আঘাত রয়েছে। তাঁরা এটি ধরে বন বিভাগে কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর বন বিভাগের কর্মীরা এসে হরিণটি নিয়ে গেছেন।

দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নিতীশ চক্রবর্তী জানান, তাঁরা ওই গ্রামে গিয়ে হরিণের বাচ্চাটিকে তাঁদের হেফাজতে এনেছেন। এখন মৌলভীবাজার জেলার সংরক্ষিত বনাঞ্চলে এটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।