
প্রথম দেখি ১৯৯৬ সালের ডিসেম্বরে বাগেরহাট জেলার ফকিরহাটের সাতশৈয়া গ্রামে। পিনের আগার মতো চোখা লেজের সুদর্শন পাখিটির সৌন্দর্য তখনই আমার মন কেড়েছিল। ১৯৯৯ সালের জানুয়ারিতে ফের দেখি ঢাকা চিড়িয়াখানার লেকে অন্যান্য পরিযায়ী পাখির সঙ্গে। আর এখন তো চিড়িয়াখানার লেকে শীতে কোনো পরিযায়ী পাখিই আসে না।
পরিযায়ী হাঁসগুলো দেখতে হলে যেতে হবে ভোলা বা অন্যান্য উপকূলীয় জেলার চরাঞ্চলে। বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা ও উত্তরবঙ্গের কোনো কোনো চরাঞ্চলেও দেখা মিলতে পারে। সহজেই দেখা মিলবে সিলেট বিভাগের বিভিন্ন হাওর–বঁাওড়–বিলে।
লম্বা লেজের সুদর্শন এই হাঁসের বিশাল ঝাঁকের দেখা পাই ২০১৪ সালের জানুয়ারিতে বাইক্কার বিল ও হাকালুকি হাওরের চাতলার বিলে। তবে গত ২৩ ও ২৪ ডিসেম্বর বাইক্কার বিলে গিয়ে কিছুটা হতাশ হয়েছি। এবার ওদের সংখ্যা বেশ কমই মনে হলো। শুধু ওদের সংখ্যা নয়, অন্যান্য প্রজাতির হাঁসের সংখ্যাও বেশ কম। তারপরও বিশ্বের অন্যতম সুদর্শন ও মার্জিত এই হাঁসগুলোকে দেখতে পেয়ে বেশ ভালো লাগল।
লম্বা লেজের সুদর্শন এই হাঁস পরিযায়ী লেনজা হাঁস (northern pintail)। কালদিঘেড়ি নামেও পরিচিত। anatidae গোত্রের হাঁসটির বৈজ্ঞানিক নাম anas acuta। মূলত শীতপ্রধান দেশের বাসিন্দা হলেও শীতে এ দেশের নদী-হাওর-বিলের মূল আকর্ষণ এরা।
চোখা লেজসহ লম্বায় পুরুষ লেনজা হাঁস ৫৯-৭৬ সেন্টিমিটার (সেমি) এবং স্ত্রী বা হাঁসি ৫২-৬৪ সেমি। ওজনে ৭০০-৮৫০ গ্রাম। প্রজনন মৌসুমে হাঁসির চেহারা হাঁসার থেকে একেবারে আলাদা হয়ে যায়। দেহের রঙে ধূসরের প্রাধান্য থাকলেও মাথা ও ঘাড় চকলেট-বাদামি ও গলা-বুক সাদা। ঘাড়ের দুই পাশ থেকে দুটি সাদা দাগ বুকের সাদা অংশের সঙ্গে মিশে গেছে। পিঠ তামাটে, ডানায় ব্রোঞ্জ ও সবুজের মিশ্রণ, ডানা-ঢাকনি কালো। গাঢ় বাদামি হাঁসির দেহে অসংখ্য আঁশের মতো ছোপ। হাঁসার লেজ হাঁসির চেয়ে বেশি লম্বা, কালো ও চোখা। হাঁসার গলাও লম্বা।
লেনজা হাঁস সচরাচর দৃশ্যমান পরিযায়ী পাখি। শীতে এ দেশের বিভিন্ন জলাধার, যেমন হ্রদ, হাওর ও বিলে প্রচুর সংখ্যায় দেখা যায়। মূলত ঝাঁকে বিচরণ করে। সকাল ও সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে। জলজ উদ্ভিদ, পোকামাকড়, ছোট ছোট প্রাণী ইত্যাদি খায়। মাঝে মাঝেই দ্রুত ডানা ঝাপটিয়ে হিস হিস শব্দে উড়ে যায়।
এপ্রিল-সেপ্টেম্বর প্রজননকাল। এ সময় এদের মূল আবাস আলাস্কা, কানাডা, আমেরিকা, সাইবেরিয়া ও মঙ্গোলিয়ার জলাভূমির আশপাশে শুকনো জায়গায় লতাপাতার মধ্যে ঘাস, গাছগাছড়া ও পালক বিছিয়ে হাঁসি বাসা বানায়। এরপর তাতে ৪৫ গ্রাম ওজনের ৭-৯টি ক্রিম রঙের ডিম পাড়ে। হাঁসি একাই ডিমে ২২-২৪ দিনে তা দিয়ে বাচ্চা ফোটায়।
ডিম থেকে ফোটার কয়েক ঘণ্টার মধ্যেই বাচ্চারা মায়ের সঙ্গে বাসা ত্যাগ করে ও নিজেই খাবার জোগাড় করে। ডিম থেকে ফোটার ৩৮-৫২ ঘণ্টা পর এরা উড়তে পারে।