সুদর্শন সবুজাভ মৌটুসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই জাতীয় উদ্যানে পুরুষ সবুজাভ মৌটুসি l ছবি: লেখক
কাপ্তাই জাতীয় উদ্যানে পুরুষ সবুজাভ মৌটুসি l ছবি: লেখক

কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার নতুন রাস্তার পাশের ছোট্ট একটি গাছের সামনে দাঁড়িয়ে পড়তে হলো। মাটি থেকে মাত্র সাত-আট ফুট উচ্চতায় গাছের সরু ডালে ছোট্ট একটি সুন্দর পাখি স্থির দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে। স্ত্রী পাখিটিকে মোটেও বিচলিত বা ভীত মনে হলো না; বরং বেশ আত্মপ্রত্যয়ী দেখাচ্ছিল। ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ রেখে দ্রুত কয়েকটা ছবি তুললাম। আমরা সংখ্যায় বেশ কয়েকজন। কিছুক্ষণ পর পাখিটা কারও দিকে ভ্রুক্ষেপ না করে কিছুটা অলস ভঙ্গিতে ধীরে ধীরে লাফিয়ে গাছের ঘন পাতার আড়ালে হারিয়ে গেল। ২০১৩ সালের ১৭ জানুয়ারির ঘটনা এটি।
বছর খানেক পর ২০১৪ সালের ২৪ জানুয়ারি পাঁচজনের দল নিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানে গেলাম। গত বছর দেখেছিলাম স্ত্রী জাতের পাখিকে; এবার পুরুষটিকে দেখে মুগ্ধ হলাম। রোদের আলোয় সুদর্শন পাখিটির মাথা ও পিঠ থেকে যেন পান্নার মতো দ্যুতি বের হচ্ছে। আর চিবুকটা চুনির মতো চিকচিক করছে। পাখিটি যখন এডাল-ওডাল করছিল, তখন পানা ও চুনির ছটা যেন আমাদের চোখে এসে লাগছিল। আর তা যেন চারদিকে ছড়িয়ে পড়ছিল। কী চমৎকার সে দৃশ্য!
সুদর্শন এই পাখি মৌটুসি পরিবারের সদস্য ‘সবুজাভ মৌটুসি’ (রুরি-চিকড সানবার্ড বা রুবিচিকড)। পুরুষ সবুজাভ মৌটুসি বাংলাদেশের সুন্দরতম পাখিগুলোর অন্যতম। নেকটারিনিডি পরিবারভুক্ত পাখিটির বৈজ্ঞানিক নাম Anthreptes singalensis।
সবুজাভ মৌটুসির ঠোঁট মৌটুসি-নীলটুনিদের তুলনায় ছোট ও ফুলঝুরির থেকে বড়। ছোট আকারের পাখিটি ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত মাত্র ১০-১১ সেন্টিমিটার লম্বা। পুরুষ ও স্ত্রীর দেহের রঙে পার্থক্য রয়েছে। পুরুষের মাথার চাঁদি, ঘাড়, পিঠের ওপরের অংশ, কোমর ও লেজের ওপরটা ধাতব সবুজ বা পান্না। ডানা ও লেজ কিছুটা কালচে। চিবুক চুনি থেকে বেগুনি। গলা ও বুক গাঢ় লালচে কমলা। পেট ও লেজের তলা হলদে। স্ত্রীর দেহের ওপরটা অনুজ্জ্বল জলপাই সবুজ। গলা ও বুক হালকা লালচে কমলা। পেট ও লেজের তলা হলদে। তবে পুরুষের মতো গালে চুনি রং দেখা যায় না। স্ত্রী-পুরুষনির্বিশেষে চোখ লাল এবং পা, আঙুল ও নখ সবুজাভ ধূসর। ঠোঁট ছোট, সোজা ও কালচে। অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে হুবহু মায়ের মতো, তবে দেহের নিচটা পুরোপুরি হলুদ।
সবুজাভ মৌটুসি বনের পাখি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বন, পাতাঝরা বন, গরান বন ও ঝোপঝাড়ে পাওয়া যায়। সাধারণত একাকী বা জোড়ায় বিচরণ করে। ছোট ছোট পোকামাকড়, ফল, ফুলের নির্যাস, পরাগরেণু ইত্যাদি খায়। দ্রুত ও তীব্র স্বরে ‘সুইটি-টি-চি-চিউ...সুইটি-টি-চি-চিউ’ শব্দে ডাকে।
মার্চ থেকে জুন প্রজননকাল। এ সময় স্ত্রী-পুরুষ মিলে ছোট গাছ বা ঝোপঝাড়ের ঝুলন্ত সরু ডালে চিকন আঁশ দিয়ে ছোট থলের মতো ঝুলন্ত বাসা বানায়। স্ত্রী শেওলা ও মাকড়সার জাল দিয়ে বাসার লাইনিং দেয়। ডিম পাড়ে দুটি। ছোট্ট সাদা ডিমগুলোর ওপর বাদামি ধূসর ছিট থাকে। স্ত্রী একাই ডিমে তা দেয় এবং ১৪-১৫ দিনে ডিম ফুটে বাচ্চা বেরোয়।