সুনামগঞ্জে ঝড়ে ৫০০ বাড়িঘর বিধ্বস্ত
সুনামগঞ্জের তিন উপজেলায় গত রোববার গভীর রাতে ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় ১০ জন। এর মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা গ্রামের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝড়ে বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের শান্তিগঞ্জ উচ্চবিদ্যালয় ও পাশে থাকা একটি মাদ্রাসার আধা পাকা ঘর ভেঙে পড়েছে। ঝড়ের সময় এ ইউনিয়নের জগজীবনপুর, ইছাগড়ি গ্রামের পাঁচজন আহত হয়। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান জানান, তাঁর উপজেলার বড়ধল উত্তর, বড়ধল দক্ষিণ ও বাদাঘাট ইউনিয়নে ঝড়ে দুই শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।