সুনামগঞ্জে বন্যায় দুই শিশুর মৃত্যু
সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো দোয়ারাবাজার উপজেলার আজবপুর গ্রামে আবদুল জব্বারের ছেলে মিতুল মিয়া (৪) ও বিশ্বম্ভরপুর উপজেলার কলাইয়া গ্রামের রকিব উদ্দিনের ছেলে সাহান মিয়া (৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল জব্বারের ঘরের চারপাশে বন্যার পানি ছিল। বেলা একটার দিকে মিতুল উঠানে খেলছিল। সবার অগোচরে সে হঠাৎ সেই পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহান মিয়ার মামাতো ভাই রায়হান আলীম জানান, সাহান বিকেল পাঁচটার দিকে পরিবারের লোকজনের অগোচরে ঘরের পাশের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।