সুনামগঞ্জে সুরমার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সাতটি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে আমন ফসলের ক্ষতি হয়েছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। পানি বাড়ায় গতকাল মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জানা গেছে, সুনামগঞ্জে কয়েক দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। এর সঙ্গে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। এতে নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেছেন, অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার কিছু অংশ ঢলের পানিতে তলিয়ে গেছে। এ কারণে সরাসরি কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এ ছাড়া জেলার সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তাঁর উপজেলার বেশ কয়েকটি সড়ক ঢলের পানিতে তলিয়ে গেছে।