সুন্দরবন ঘিরে ১৫০ শিল্প প্রকল্প
৯ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত ‘সুন্দরবন ঘিরে ১৫০ শিল্প প্রকল্প’ শীর্ষক সংবাদের কিছু তথ্যের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী তোহা ইসলাম।
নিজেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী ও মার্কিন নাগরিক পরিচয় দিয়ে তিনি বলেন, তাঁর নাম জড়িয়ে কিছু অসত্য তথ্য ওই প্রতিবেদনে ছাপানো হয়েছে। তিনি সরকারের বিদেশি বিনিয়োগের আহ্বান শুনে আলোচিত এলাকায় কিছু জমি কেনেন, যাতে ভবিষ্যতে সরকারের প্রচলিত আইন মেনে কিছু একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়। প্রতিবেদনে তাঁর নামে ৬০ একর জমি কেনা আছে। কিন্তু ওই স্থানে তাঁর কেনা জমির পরিমাণ মাত্র ১১ একর, যা ৫২ বছর আগে তাঁর বাবা প্রতিষ্ঠিত নিকসন্স লিমিটেড প্রতিষ্ঠানের নামে কেনা।
তোহা ইসলাম প্রতিবাদে বলেন, তিনি কোনো শিল্প বা অন্য কোনো রকম প্রতিষ্ঠান করার জন্য পরিবেশ অধিদপ্তরে কখনো আবেদন করেননি। সুতরাং ছাড়পত্র নেওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে দেওয়া সাইফ লি. ও গ্রিন রি-সাইক্লিং লি. নামে দুটি প্রতিষ্ঠানের মালিক তিনি নন, অন্য কেউ। ভবিষ্যতে তাঁর ওই স্থানে একটি পর্যটনকেন্দ্র করার ইচ্ছা ছিল। কিন্তু প্রতিবেদনে কল্পনাপ্রসূতভাবে তাঁর সুনাম নষ্ট করার জন্য জাহাজভাঙা ইয়ার্ড লেখা হয়েছে।