সুন্দরবন সম্পর্কে সরকার ও দেশি-বিদেশি কোম্পানির প্রভাবমুক্ত প্রতিবেদন প্রণয়নের দাবি জানানো হয়েছে এক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সুন্দরবনে তেল বিপর্যয়ের ক্ষয়ক্ষতি-সংক্রান্ত প্রতিবেদনকে ভুলভাবে ব্যাখ্যা করতে চাইছে সরকার।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গতকাল শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনে এ সংবাদ সম্মেলন করে। এতে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সুন্দরবনে তেল বিপর্যয়ের ঘটনায় সরকার বা দায়ী ব্যক্তিদের সন্তুষ্ট করতে গেলে জাতিসংঘ জবাবদিহির সংকটে পড়বে।
গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে জাহাজের ধাক্কায় তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ট্যাংকারের তেল ধীরে ধীরে সুন্দরবনের ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়ে।
‘সুন্দরবনে তেল বিপর্যয়ের এক মাস: মাঠ গবেষণা ও অনুসন্ধান রিপোর্ট-প্রস্তাবনা ও কর্মসূচি’ শীর্ষক গবেষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হারুন। সংবাদ সম্মেলনে গবেষণার প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় কমিটির সদস্য কল্লোল মোস্তফা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বনের মধ্যে ৫০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা তেলদূষণের শিকার হয়েছে। এই দূষণের ফলে সুন্দরীগাছের পুনর্জন্ম বাধাগ্রস্ত হচ্ছে। কাঁকড়া-শামুক-গুইসাপ, জোয়ার-ভাটাপ্লাবিত অঞ্চলের পাখি, যেমন: বক, মাছরাঙা এবং উদবিড়াল, ভোঁদড়, ডলফিন ও কুমিরের বসতি, সংখ্যা ও প্রজাতি-বৈচিত্র্য নানা মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে।
সুন্দরবন নিয়ে তৈরি দুটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী অনুপম সৈকত ও শিল্পী আনুশেহ আনাদিল।
সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ জাতীয় কমিটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এতে রয়েছে: ৬ ফেব্রুয়ারি বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সুন্দরবন রক্ষায় সম্মেলন, ৭ ফেব্রুয়ারি ফুলবাড়ী অঞ্চলে অবরোধ, দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ১১ থেকে ১৬ মার্চ ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে ‘সুন্দরবন রক্ষায় জন-অভিযাত্রা’।