সুন্দরবন নিয়ে মায়া সভ্যতার প্রসঙ্গ টানলেন ইটন

বন কেটে কৃষিজমিতে পরিণত করা, নগর গড়ে তোলা মানব সভ্যতার আদিলগ্ন থেকেই হয়ে আসছে। ইতিহাসের নানা উপাদানে বনের সঙ্গে মানুষের ভক্তি ও শত্রুতা—এ দুই ধরনের সম্পর্কই দেখা যায়। কিন্তু সম্পর্কের এই ভারসাম্য নষ্ট হলে অনেক সময় সভ্যতা বিপদে পড়ে, চিরতরে ধ্বংস হয়ে যায়। মেক্সিকোর মায়া সভ্যতা তার বড় প্রমাণ।
বিশ্বখ্যাত ইতিহাসবিদ ও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ইটন গতকাল শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে দেওয়া তাঁর বক্তৃতায় এভাবে বন ও সভ্যতার ছন্দ ও দ্বন্দ্ব তুলে ধরলেন। ইউরোপ থেকে শুরু করে মায়া সভ্যতা, এমনকি আমাদের সুন্দরবন কেটে রাজস্ব আদায় বাড়ানোর জন্য তা কৃষিজমিতে রূপান্তরের ইতিহাসও উঠে আসে তাঁর বক্তব্যে।
সভ্যতার সঙ্গে বনের এই শত্রুতার সম্পর্ক থেকে বনভূমিকে কীভাবে রক্ষা করা যায়, ইটনের কাছে জানতে চান একজন গবেষক। উত্তরে ইটন বলেন, ‘সুন্দরবন রক্ষা করার মাধ্যমেই বাংলাদেশের মানুষ সেই পথে এগোতে পারে। ইটন বলেন, সুন্দরবন এলাকার জনগোষ্ঠীর সত্যিই বাঘকে ভগবানের সঙ্গে তুলনা করারও অনেক ঘটনা রয়েছে। এগুলোর মধ্যে ইটন বলার চেষ্টা করেন, সুন্দরবনের সঙ্গে এ অঞ্চলের মানুষের ভালোবাসা ও ধ্বংস দুই ধরনের সম্পর্কই রয়েছে।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বড় অংশজুড়ে সুন্দরবন ধ্বংসের ইতিহাস তুলে ধরতে গিয়ে ইটন বলেন, ষোড়শ থেকে অষ্টাদশ শতকে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যভাগে গঙ্গা নদী খুব দ্রুত গতি পরিবর্তন করে। এতে অনেক এলাকায় ভাঙন দেখা দেয়। একই সময়ে মোগল শাসকেরা রাজস্ব আদায়ের দিকে মনোযোগ বাড়ান। ১৫৮৫ থেকে ১৬৫৯ সালের মধ্যে নদীভাঙন এলাকার একটি বিশাল জনগোষ্ঠী সুন্দরবন এলাকায় গিয়ে বন কেটে পরিষ্কার করে বসতি গড়ে তোলে। ফলে ওই সময়ে একদিকে মোগল শাসকদের রাজস্ব আদায় যেমন বাড়ে, অন্যদিকে সুন্দরবনের ধ্বংস ত্বরান্বিত হয়।
রিচার্ড ইটনের বক্তৃতা শুরুর আগে তাঁকে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো সম্মানে ভূষিত করা হয়।