সুন্দরবনসহ দেশের বনাঞ্চল রক্ষায় সমন্বিত পরিকল্পনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল ‘ধ্বংসের মুখে সুন্দরবন: রক্ষার উপায় কী’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ। পাশে (বাঁ থেকে) সৈয়দা রিজওয়ানা হাসান, আতিক রহমান, অধ্যাপক এম ফিরোজ আহমেদ l ছবি: প্রথম আলো
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল ‘ধ্বংসের মুখে সুন্দরবন: রক্ষার উপায় কী’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ। পাশে (বাঁ থেকে) সৈয়দা রিজওয়ানা হাসান, আতিক রহমান, অধ্যাপক এম ফিরোজ আহমেদ l ছবি: প্রথম আলো

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সুন্দরবনসহ দেশের সব বনাঞ্চল সংরক্ষণের জন্য সমন্বিত পরিকল্পনা দরকার। সুন্দরবন থেকে সম্পদ আহরণের পরিকল্পনা সরকারের আছে, কিন্তু একে সংরক্ষণের পরিকল্পনা নেই।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে রিজওয়ানা হাসান গতকাল সোমবার এ কথা বলেন। ‘ধ্বংসের মুখে জাতীয় গর্ব ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: রক্ষার উপায় কী?’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর সিরডাপ মিলনায়তনে।
১৯২৭ সালের বন আইন ও বন বিভাগের আমূল সংস্কার প্রয়োজন উল্লেখ করে রিজওয়ানা হাসান আরও বলেন, যে কার্গো দুটির জন্য সুন্দরবনে তেল ছড়িয়ে পড়েছে, সেই কার্গোমালিকদের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। না হলে তাঁরা টাকা বিদেশে পাচার করে দেবেন।
সুন্দরবনের জন্য পৃথক একটি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেন লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, বন বিভাগের বাইরে একটি স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের মাধ্যমে সুন্দরবনকে দেখভালের কাজ করতে হবে। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এই কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে। গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। তিনি বলেন, শ্যালা নদীতে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, সুন্দরবনের আপৎকালীন সংকট নিরসনে সরকার কতটা অসচেতন, অপ্রস্তুত, অজ্ঞ, নির্লিপ্ত, এমনকি অনাগ্রহী।
রামপালে সরকারের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, ওরিয়নের বিদ্যুৎকেন্দ্র, সাইলো গুদাম নির্মাণ প্রভৃতি উন্নয়ন প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানান অধ্যাপক আনু মুহাম্মদ।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, সুন্দরবন রক্ষায় একটি সমন্বিত বিজ্ঞানভিত্তিক নীতি ও ব্যবস্থাপনা হাতে নেওয়া দরকার। সুন্দরবনে দুটি বাস্তুতন্ত্র—একটি পানির নিচে, অন্যটি পানির ওপরে। অথচ সুন্দরবনে পানি নাকি নৌ মন্ত্রণালয় আর মাটি বন মন্ত্রণালয়ের অধীনে। তাহলে জোয়ারের সময় সুন্দরবনের অর্ধেক মাটি যে পানির তলে চলে যায়, সেটা কোন মন্ত্রণালয়ের অধীনে পড়বে?
স্থপতি ইকবাল হাবিব বলেন, ঘষিয়াখালী খাল ৪০ বছর ধরে খনন করা হয় না। ২০০৯, ২০১১ সালে খনন শুরু হয়েও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? ২০১০ সালেও এ খালে জাহাজ চলত। প্রকৌশলী বি ডি রহমতউল্লাহ বলেন, নৌমন্ত্রী বলেছেন, ফার্নেস তেল পড়ায় ক্ষতি কম হয়েছে, পেট্রল-অকটেন পড়লে নাকি ক্ষতি বেশি হতো। অথচ ফার্নেস তেল অপরিশোধিত হওয়ায় অনেক বেশি বিষাক্ত, পেট্রল-অকটেন পরিশোধিত বলে কম বিষাক্ত।
আরও বক্তব্য দেন অধ্যাপক এম ফিরোজ আহমেদ, রাজনীতিক রুহিন হোসেন, অভিনেতা হাসান মাসুদ প্রমুখ।