পুরোটা সকাল কাটল বাঘের বৈঠকখানাখ্যাত কচিখালী ঘুরে। পাখি-প্রাণীর ছবি তুলতে তুলতে সময় যে কীভাবে বয়ে গেল, বোঝাই গেল না। ছোট লঞ্চ ‘এমভি আলোর কোল’-এ ফিরে ডিমভাজা আর ভুনা খিচুড়িতে উদরপূর্তি করলাম। বলেশ্বর নদের মোহনা থেকে কটকার উদ্দেশে লঞ্চ যাত্রা শুরু করল। উদ্দেশ্য, সুপতি খাল পেরিয়ে ছিটা কটকা খালে বিপন্ন সুন্দরী হাঁস খুঁজতে খুঁজতে কটকা যাব। কিন্তু যাত্রা শুরুর পরপরই লঞ্চ থামাতে হলো অভিনব এক দৃশ্যের অবতারণায়। পাখি-প্রাণীর ছবিশিকারি আমরা সাত যোদ্ধা লম্বা লেন্সের ক্যামেরা নিয়ে প্রস্তুত হয়ে গেলাম।
বলেশ্বরের ডুবোচরে তখন রোদ পোহাচ্ছিল একটি কুমির। মাত্র ১২-১৪ গজ দূরে ছোট্ট এক বগা আপনমনে খাবার খুঁজছিল। কেউ কাউকে দেখেনি। হঠাৎ কুমিরটি নড়েচড়ে উঠল। টনক নড়ল বগারও। গলা উঁচিয়ে উত্সুক দৃষ্টিতে কুমিরকে পর্যবেক্ষণ করতে লাগল। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে শাটারে আঙুল রাখলাম। কিন্তু খানিক এগিয়ে কুমিরটা যেন শিকারের আগ্রহ হারিয়ে ফেলল। উল্টো দিকে যাত্রা শুরু করল। এরপরও বগাটি বেশ কিছুক্ষণ সেখানেই মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল।
কচিখালীতে সেদিনের সাদা বগাটি এ দেশের আবাসিক পাখি ধূপ বক। ইংরেজি নাম লিটল এগ্রেট। গোত্র আরডেইডি, বৈজ্ঞানিক নাম Egretta garzetta। ভারতীয় উপমহাদেশসহ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশে এদের দেখা পাওয়া যায়। দৈর্ঘ্য ৫৫ থেকে ৬৫ সেন্টিমিটার, ওজন ৩৫০-৫৫০ গ্রাম। পুরো শরীর ধবধবে সাদা হলেও পা কালো, পায়ের তলা ও আঙুল হলুদ।
এরা দেশব্যাপী যেকোনো জলাশয়ে অন্যান্য বক ও জলচর পাখির মিশ্র দলে বিচরণ করে। অগভীর পানিতে ছোট মাছ, ব্যাঙ, কীটপতঙ্গ, সাপ, চিংড়ি ইত্যাদি শিকার করে খায়। জুন থেকে সেপ্টেম্বরে প্রজননকালে অন্যান্য জলচর পাখির সঙ্গে গাছের শাখায় বাসা গড়ে। বগি ফ্যাকাশে নীলাভ সবুজ ৩-৫টি ডিম পাড়ে, যা ২১-২৫ দিনে ফোটে। ছানারা ৪০-৫০ দিনে উড়তে শেখে, বাসা ছাড়ে। এই পাখিগুলোর আয়ুষ্কাল ছয়-সাত বছর।
অন্যদিকে শিকারিটি হলো এ দেশের বিরল ও বিপন্ন সরীসৃপ লোনাপানির কুমির। বিশ্বের বৃহত্তম এই সরীসৃপের ইংরেজি নাম সল্টওয়াটার ক্রোকোডাইল। গোত্র ক্রোকোডাইলিডি, বৈজ্ঞানিক নাম Crocodylus porosus। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের বাস। পুরুষ কুমির দৈর্ঘ্যে ৪ দশমিক ৩ থেকে ৫ দশমিক ২ মিটার হয়। স্ত্রী কুমিরের দৈর্ঘ্য হয় প্রায় ৩ মিটার। ওজন হয় ৪০০ থেকে ১ হাজার কেজি।
এ দেশে এদের একমাত্র সুন্দরবন এবং কদাচ উপকূলীয় বাদাবনের নদী-খালে দেখা যায়। অলস ও আধা জলচর এই প্রাণী মাছ, কাঁকড়া, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী শিকার করে খায়। নভেম্বর থেকে মার্চ এদের প্রজননকাল। এ সময় স্ত্রী কুমির ৬০ থেকে ৮০টি ডিম পাড়ে, যা প্রায় ৯০ দিনে ফোটে। এই কুমির সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত বাঁচে। বর্তমানে বাংলাদেশে মাত্র ১৫০টির মতো প্রাপ্তবয়স্ক লোনাপানির কুমির টিকে আছে।