সুন্দরবনের কুঁড়ো বক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেওড়াগাছের ডালে কুঁড়ো বক। সুন্দরবনের কোকিলমনির ক্ষেতখেরা খাল থেকে তোলা ছবি l লেখক
কেওড়াগাছের ডালে কুঁড়ো বক। সুন্দরবনের কোকিলমনির ক্ষেতখেরা খাল থেকে তোলা ছবি l লেখক

সুন্দরবনের কোকিলমনির কাছে অনিন্দ্য সুন্দর ক্ষেতখেরা খাল (সারেং-মাঝিদের কাছে আগুনজ্বলা খাল) দিয়ে এগিয়ে চলেছি। খালে ঢোকার মুখেই কালো টুপি ও সাদা বুক মাছরাঙার অভিনন্দন পেলাম। এরপর একে একে ছোট নীল মাছরাঙা, সবুজাভ মাছরাঙা ও অতি বিরল লাল মাছরাঙাও দেখা দিয়ে আমাদের ধন্য করে গেল। এমন সময় কিছু একটাকে হঠাৎ বাঁ দিকের পুরোনো কেওড়াগাছটার ওপরে উঠে আড়ালে চলে যেতে দেখলাম। ক্যামেরায় ক্লিক করলাম। ছবি ভালো না ওঠায় পাখিটাকে ঠিকভাবে চেনা গেল না। নৌকা থামিয়ে চুপ করে বসে রইলাম। ঠিক ১০ মিনিট পর ও বেরিয়ে এসে দেখা দিল।

এরা এ দেশের বক পরিবারের সবচেয়ে ছোট সদস্য কুঁড়ো বক। ছোট বক, খুদে বক বা সবুজ বক নামেও পরিচিত। ইংরেজি নাম striated heron, mangrove heron, little heron or green-backed heron. Ardeidae পরিবারের বকটির বৈজ্ঞানিক নাম Butorides striata.

ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত কুঁড়ো বক দৈর্ঘে ৪০-৪৫ সেন্টিমিটার। ওজন ১৯৩-২৩৫ গ্রাম। দেহের রং একনজরে নীলচে-সবুজ। প্রাপ্তবয়স্ক পাখির পিঠের পালক নীলচে-সবুজ, যার পাড় সাদা। মাথার চাঁদির চকচকে কালচে-সবুজ ঝুঁটিটি পেছনের দিকে ঝুলে থাকে। মাথা ও ঘাড় ধূসর। গাল সাদা। একটি কালো রেখা ঠোঁটের গোড়া থেকে চোখের পেছনে চলে গেছে। চোখ উজ্জ্বল লেবু-হলুদ, চোখের পাতা সবুজ। পা ও পায়ের পাতা কালচে-সবুজ। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম।

কুঁড়ো বক সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি। অঞ্চলভেদে কোথাও সহজেই চোখে পড়ে, আবার কোথাও বেশ বিরল। নোনাজলের সুন্দরবন, উপকূলীয় এলাকা, পাথুরে উপকূল, জলাভূমি, খাল, জলাশয়, নদী ও মোহনায় বিচরণ করে। বাংলাদেশ ছাড়াও দ‌ক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারতীয় উপমহাদেশ, চীনসহ নানা দেশে দেখা যায়। সাধারণত একা বিচরণ করে। ভোর ও গোধূলি এবং মেঘলা দিনে বেশি সক্রিয় থাকে। অগভীর পানির সামান্য ওপরে গাছের আড়ালে চুপচাপ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সুচালো ঠোঁটের আঘাতে শিকার করে। ছোট মাছ, চিংড়ি, ব্যাঙ, জলজ পোকামাকড় ইত্যাদি খায়।

মার্চ-জুলাই প্রজননকাল। এ সময় পুরুষ কুঁড়ো বক ঝুঁটি খাড়া করে, ঘাড় ফুলিয়ে, লেজ দুলিয়ে স্ত্রী বককে ঘিরে দৌড়িয়ে তার প্রেম প্রকাশ করে। নদী ও পুকুরের ধারে ছোট গাছ বা ঝোপঝাড়ে পানির ওপর ঝুলে থাকা ডালে পানি থেকে এক মিটার উচ্চতায় ডালপালা ও কাটিকুটি দিয়ে মাচার মতো বাসা বানায়। স্ত্রী ৩-৫টি ফ্যাকাশে সবুজাভ-নীল ডিম পাড়ে। ২১-২২ দিনে বাচ্চা ফোটায়। এরা দ্রুত বাড়ে। এক সপ্তাহে গাছের ডালে হাঁটাহাঁটি করে, দুই সপ্তাহে উড়তে শেখে।