সুপারিশ ও বর্তমান অবস্থা
সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার প্রভাব নিয়ে সরকার ও জাতিসংঘের যৌথভাবে তৈরি প্রতিবেদনে বেশ কিছু বিষয় এবং সুপারিশ তুলে ধরা হয়েছে। এতে সামনের দিনের চ্যালেঞ্জ বা সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ওই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে। প্রথম আলোর অনুসন্ধান এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে বর্তমান অবস্থা তুলে ধরা হলো:
১. বর্তমানে সুন্দরবন ও এর আশপাশের এলাকায় এখনো ৩০ থেকে ৫০ মেট্রিক টন তেলমাখা সামগ্রী জমা করে রাখা হয়েছে।
সুপারিশ: তেলমাখা সামগ্রীগুলো এমন কোনো স্থানে ধ্বংস করা বা পোড়ানোর জন্য বলা হয়েছে, যাতে তা নতুন করে দূষণ তৈরি না করে।
বর্তমান অবস্থা: তেলমাখা সামগ্রীগুলো অপসারণের ব্যাপারে ইউনেসকো থেকে সহায়তা দেওয়া হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকার থেকে এখনো কোনো নির্দেশনা এবং অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। ফলে সেগুলো দুই মাস ধরে বনের বিভিন্ন স্থানে পলিথিনের তৈরি বিশেষ পাত্রে রাখা হয়েছে।
২. সমীক্ষা দলটি অল্প সময়ে সীমিত পরিসরে দুর্ঘটনা এলাকাটি পর্যবেক্ষণ করে। এর বাইরে তেলের প্রভাব কেমন তা দেখা হয়নি। তাই বনের প্রাণী এবং উদ্ভিদের ওপর তেল ছড়িয়ে পড়ার প্রভাব পরেও থাকতে পারে।
সুপারিশ: বন বিভাগ এবং পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহায়তায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তেল ছড়িয়ে পড়ার দীর্ঘ মেয়াদে তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বর্তমান অবস্থা: জাতিসংঘ দলের পর্যবেক্ষণের পর বন বিভাগ বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে তেল ছড়িয়ে পড়ার প্রভাব মূল্যায়ন করা হয়নি।
৩. গোলপাতায় এখনো তেল লেগে আছে।
সুপারিশ: যেসব গোলপাতায় তেল লেগে আছে, তা সংগ্রহের মৌসুমে সাবধানে অপসারণ করতে হবে।
বর্তমান অবস্থা: গত জানুয়ারি থেকে গোলপাতা সংগ্রহ মৌসুম শুরু হয়ে গেছে। তবে তেল লেগেছে এমন গোলপাতা অপসারণ করা হচ্ছে না।
৪. স্থানীয় জনগণ খালি হাতে এবং কোনো প্রস্তুতি ছাড়াই তেল সংগ্রহ করে।
সুপারিশ: স্থানীয় জনগোষ্ঠীকে তেল অপসারণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দিতে হবে। একই সঙ্গে তাদের সচেতন করতে হবে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দিতে হবে।
বর্তমান অবস্থা: এখনো এ ধরনের কোনো কার্যক্রম শুরু হয়নি।
৫. সুন্দরবনের আশপাশের জনগোষ্ঠী সুন্দরবনের ওপরে নির্ভরশীল।
সুপারিশ: বনজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।
বর্তমান অবস্থা: এ ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬. সুন্দরবনের ভেতর দিয়ে চলাচলকারী নৌযানগুলোর পরিবেশগত ক্ষতি এবং দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা খুবই দুর্বল।
সুপারিশ: জাহাজগুলোর ছাড়পত্র এবং সুরক্ষা আছে কি না, তা পর্যবেক্ষণ করতে হবে। অনুমতি ছাড়া এবং ঝুঁকিপূর্ণ নৌযানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
বর্তমান অবস্থা: সুন্দরবনের পশুর চ্যানেল দিয়ে নৌযান চলাচলের বৈধ অনুমতি রয়েছে। সরকার আগামী জুন পর্যন্ত শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। বলা হয়েছে সুন্দরবনের বিকল্প পথ ঘসিয়াখালী খাল খননের পর সেখান দিয়ে জাহাজ চলবে। কিন্তু শ্যালা নদী দিয়ে বর্তমানে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি জাহাজ চলাচল করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঘসিয়াখালী খাল খননের অগ্রগতিও কম।
৭. ভবিষ্যতে তেল ছড়িয়ে পড়ার মতো দুর্ঘটনা রোধে করণীয়।
সুপারিশ: জাহাজ চলাচল নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। তেল দুর্ঘটনা প্রতিরোধে তৈরি হওয়া জাতীয় অয়েল কনটিনজেন্সি (আকস্মিক কোনো ঘটনা) প্ল্যান দ্রুত চূড়ান্ত করা। সমুদ্র মেরিন এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট-২০০৪ বাস্তবায়নের জন্য একটি কর্তৃপক্ষ গঠন করা। সরকারকে বাধ্যতামূলকভাবে তেল দূষণ, নিয়ন্ত্রণ, প্রস্তুতি এবং সহযোগিতাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন করতে হবে।
বর্তমান অবস্থা: জাহাজ চলাচল নিয়ন্ত্রণ বিষয়ে কোনো কর্তৃপক্ষ গঠন এবং আইন ও কনভেনশন বাস্তবায়নের কোনো উদ্যোগ এখনো শুরু হয়নি।