সুবাস ছড়াচ্ছে ভাঁটফুল

বসন্তকালে পথের দুই ধারে, ঝোপঝাড়ে ফুটে জংলি এই ভঁাটফুল। সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।’

জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ আমি’ কবিতার সেই ভাঁটফুল এখন নয়নাভিরাম সৌন্দর্য ছড়াচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের অনেক গ্রামে। তবে শুধু পঞ্চগড়েই নয়, চৈত্র থেকে বৈশাখ-জ্যৈষ্ঠ পর্যন্ত প্রায় সারা দেশেই ভাঁটফুলের সুবাস ও সৌন্দর্য আমাদের মাতিয়ে রাখে। এটি গ্রামবাংলার অতিপরিচিত একটি বুনো ফুল।

প্রকৃতিতে এখন বসন্তকাল। তবু গ্রামে শীতের আমেজ একেবারেই ফুরিয়ে যায়নি। সকালের সবুজ ঘাসে জমে থাকছে শিশিরবিন্দু। গাঁয়ের মেঠোপথের দুই ধারে থোকায় থোকায় ফুটতে শুরু করেছে ভাঁটফুল। অনেকটা নীরবেই বিলিয়ে যাচ্ছে সৌন্দর্য। স্নিগ্ধ শোভার সুরভিত ভাঁটফুলের রূপসুধায় আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি ও পতঙ্গ। ভাঁটফুলের নয়নাভিরাম শুভ্রতায় পুলকিত হয়ে উঠছে প্রকৃতিপ্রেমীদের মন।

বুনো ফুলটি এখন পঞ্চগড় জেলায় গ্রামের পথগুলোর দুই পাশে, ঝোপঝাড়ে ও পতিত জমিতে চমৎকারভাবে ফুটে আছে। রাতের আঁধারেও ফুলটির মধুগন্ধ ভেসে বেড়ায় চারপাশে।

পঞ্চগড়ের কলেজছাত্রী তাসনুহা বলেন, ‘সড়কের পাশে যখন ফুলগুলো দেখি, তখন মনে হয়, কেউ যেন আস্ত একটি ফুলের তোড়া তৈরি করে রেখেছে। অবাক করা বিষয় হলো, ফুলটি চাষ না করেই আমরা এর সৌন্দর্য উপভোগ করতে পারি। শুধু পঞ্চগড় নয়, সারা দেশেই এই মৌসুমে ফুলটি ফোটে।’

ভাঁটফুল (Clerondendron viscosum) ছোট আকৃতির নরম শাখা-প্রশাখাবিশিষ্ট ঝোপজাতীয় গুল্মশ্রেণির বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। ফুলটি বসন্তকালেই সবচেয়ে বেশি দেখা যায়। ফুলটি নানা কারুকাজে ভরা। এ ফুলের পুংকেশর, পাপড়ি, পাতা ও কাণ্ডকে প্রকৃতি নিখুঁতভাবে সাজিয়েছে। ফুলের পুংকেশরই এ ফুলের প্রধান সৌন্দর্য। সাদা রঙের এ ফুলে আছে পাঁচটি পাপড়ি। প্রতিটি ফুলের অভ্যন্তরে বেগুনি রঙের ঢেউ ফুলটিকে করেছে আরও আকর্ষণীয়।

পঞ্চগড়ের ভজনপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘যাঁরা নার্সারি নিয়ে কাজ করেন এবং ফুল ও উদ্ভিদ নিয়ে গবেষণা করেন, তাঁরা আমাদের গ্রামীণ এ ফুলের সৌন্দর্য ও উপকারিতা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে অনন্য ভূমিকা পালন করতে পারেন।’