
প্রায় প্রতিবছর ঈদের সময় ছুটি কাটাতে বরিশালে যাই। গত ঈদে পাখি গবেষক সায়েম ইউ চৌধুরী আমন্ত্রণ জানালেন বরিশালের সাইবেড়হাট এলাকায় পাখির কলোনি দেখার জন্য। বেশ আগে বরিশালের সাইবেড়হাট এলাকায় একটি গবেষণা সংস্থার হয়ে কাজ করার সুবাদে ওখানকার জনপদ দেখা হয়েছিল। বড় বড় বসত অধিকাংশই বুনো গাছগাছড়ায় ঠাসা। ঝোপঝাড়ময় জলাভূমি। বিলাতি গাব ও সুপারির ঘন বাগান।
সদলে সাইবেড়হাটে গেলাম বগা পাখির কলোনি দেখতে। গ্রামের লোকজন আমাদের দুরবিন ও ক্যামেরা দেখে বুঝতে পারল আমরা পাখি দেখতে এসেছি। প্রায় ১০টি গাছের পাতিডালে বাসা বেঁধেছে বড় বগা, মাঝারি বগা ও ছোট পানকৌড়ি। তবে বড় বগার বাসা বেশি। কিছু বাসায় ডিম ফুটে ছানা বের হয়েছে, ছানাদের খাবার খাওয়াচ্ছে বড় পাখিরা। কিছু বাসায় এখনো ডিম আছে। কিছু পাখি আবার খাবার আনতে জলাশয়ের দিকে উড়ে যাচ্ছে। ছানাদের ডাকাডাকির সুর শুনতে ভালোই লাগে।
এই পাখির বাসাবাড়ি দেখাশোনা করেন সুমিত্রা বণিক নামের এক নারী। তাঁদের বাড়ির গাছেই সাত-আট বছর ধরে এই পাখির সংসার। প্রতিবছর বৈশাখ মাসে বগা পাখিরা আসা শুরু করে। তারপর শুকনো ডাল দিয়ে বাসা বাঁধে এবং ডিম পাড়ে। ঝড়-বাতাস হলে বাসা, ডিম ও ছানারা নিচে পড়ে যায়। তিনি নিজের চেষ্টায় ছানাদের লম্বা বাঁশ দিয়ে বাসায় তুলে দিয়েছেন অনেকবার। কিন্তু এখন গাছ আরও লম্বা হয়ে যাওয়ায় ছানাদের বাসায় তুলে দেওয়া কষ্টকর। এখন ঝড়-বাতাসে ছানা পড়ে গেলে প্রতিবেশী ও গ্রামবাসীরা তুলে নিয়ে যায়। তিনি প্রতিনিয়ত চেষ্টা করেন স্থানীয় শিকারিদের হাত থেকে এদের রক্ষা করতে। সুমিত্রা বলেন, স্থানীয় লোকজন প্রায়ই এখানে বন্দুক নিয়ে পাখি শিকার করতে আসেন। তিনি সব সময় বাধা দেন। তিনি মনে করেন, নিরাপত্তা পেয়েই প্রতিবছর পাখিরা তাঁর বাড়িতে আসে। আশ্বিন মাসে বগা পাখিরা ছানাদের নিয়ে উড়ে যায় অন্যত্র। প্রায় ছয় মাস পাখিগুলো অতি আপনজন হিসেবে থাকে পাখির আশ্রয়দাতা সুমিত্রা বণিকের বাড়িতে।
বড় বগা সবুজ-হলদে মুখ, কমলা-হলদে ঠোঁটওয়ালা জলাচর পাখি। মেয়ে বগার চেয়ে ছেলে বগা আকারে বড়। বড় বগা নদী, হাওর, বিল, জলা, বাদা, ধানখেত, মোহনা ও প্যারাবনে বিচরণ করে। একাকী বা খাদ্যসন্ধানী অন্য বগাদের এবং অন্য প্রজাতির জলাচর পাখির মিশ্রদলে থাকে। অগভীর জলে ধীরে ধীরে হেঁটে কিংবা স্থিরভাবে দাঁড়িয়ে থেকে শিকার ধরে। খাদ্যের তালিকায় আছে মাছ, ব্যাঙ, শামুক ও পানির পোকা। বাংলাদেশে সুলভ আবাসিক পাখি, সব বিভাগের জলাশয়ে দেখা যায়।