সুমেল সারাফাত, সুন্দরবন থেকে ফিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক মাসে সুন্দরবনে চারবার আগুন লাগল। ঘটনাস্থল ধানসাগর স্টেশন। বন বিভাগের ধারণা, প্রথম দুবার আগুন লাগানো হয় বর্ষা মৌসুমে বনের নিচু অংশ পরিষ্কার করে মাছ শিকার করার লোভে।আর শেষের দুবার আগুন দেওয়া হয়েছে আগের ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার ক্ষোভে। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেও এমনই অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় প্রথম আগুন লাগে। পুড়ে যায় ১ দশমিক ৬৬ একর বনভূমি। একই এলাকায় দ্বিতীয় দফায় গত ১৩ এপ্রিল আগুন লাগে। এতে প্রায় সাড়ে আট একর স্থান পুড়ে যায়। বন বিভাগ গঠিত তদন্ত কমিটি ঘটনার পেছনে নিকটবর্তী লোকালয়ের কিছু দুর্বৃত্তের সম্পৃক্ততা পায়।
পরে বন বিভাগ রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান হাওলাদার ওরফে শাহজাহান শিকারি ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে ১৬ এপ্রিল আদালতে বন আইনে মামলা করে। আসামিরা শরণখোলা উপজেলার উত্তর ও দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা। দুদিন পর ১৮ এপ্রিল একই এলাকায় আবার আগুন লাগে। এতে পুড়ে যায় আধা একর বনভূমির গাছ। এ ঘটনায় ১৯ এপ্রিল শরণখোলা থানায় শাহজাহান শিকারিসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করে বন বিভাগ। আগের মামলায় ক্ষোভের বশবর্তী হয়ে দুর্বৃত্তরা এই আগুন লাগায় বলে ধারণা বন বিভাগের। সর্বশেষ ২৭ এপ্রিল বুধবার আবার ধানসাগর স্টেশনের তুলাতুলী এলাকায় আগুন লাগে। এবার তিন একরের মতো জায়গা পুড়ে যায়। এবার দ্বিতীয় মামলার ক্ষোভে একই দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে ধারণা করছে বন বিভাগ।
সরেজমিন: গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় তিন একর জায়গাজুড়ে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একদিকে আগুন নেভাচ্ছেন তো অন্যদিকে আগুন জ্বলে উঠছে। প্রচণ্ড তাপ আর তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন তাঁরা। যেখানে আগুন লেগেছে, সেখান থেকে সুন্দরবনের নিকটবর্তী খালের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তাই পানি আনতেও সময় ও বেগ পোহাতে হচ্ছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, বাগেরহাট সদর, শরণখোলা ও মোরেলগঞ্জের তিনটি দল এবং বন বিভাগ, টাইগার টিমের কর্মী ও স্থানীয় জনতা মিলিতভাবে আগুন নেভানোর কাজ করছেন। আগুন বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে লেগেছে। এতে বোঝা যাচ্ছে, আগুন ইচ্ছা করে লাগানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে।
এসব আগুন লাগার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেনের ভাষ্য, একই স্টেশনের মধ্যে চারবার আগুন লাগার ঘটনাকে কোনোভাবেই দুর্ঘটনা বলা যাবে না। দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করার কারণে তারা সুন্দরবনকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের আটক করা সম্ভব হচ্ছে না বলে তারা বারবার একই কাজ করছে।
ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা ও শরণখোলা কলেজের সাবেক শিক্ষক কামাল তালুকদার বলেন, আগুন লাগেনি, লাগানো হয়েছে। যারা সুন্দরবন থেকে অবৈধভাবে মাছ শিকার করে, তারাই এ কাজে জড়িত।
অভিযোগের বিষয়ে জানতে রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান হাওলাদারের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
কমিটি গঠন: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল পরিবেশ ও বন মন্ত্রণালয় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেন।