সেচ খালের বাঁধে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামে গত বুধবার রাতে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের ডান তীরের বাঁধ ভেঙে গেছে। রাতভর পানি ঢুকে এক বর্গকিলোমিটার এলাকার প্রায় দেড় শ একর রোপা আমনখেত তলিয়ে গেছে। এতে ওই এলাকায় চাষ করা বহু পুকুরের মাছ বেরিয়ে গেছে।
কানিয়ালখাতা গ্রামের নিতিশ অধিকারী (৪০) বলেন, রাত আটটার দিকে বাঁধটি ভেঙে ওই এলাকার প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে কানিয়ালখাতা, ডাঙ্গাপাড়া ও ভাটারদোলার প্রায় দেড় শ একর জমির লাগানো আমন চারা সম্পূর্ণ তলিয়ে গেছে। চাষ করা অনেক পুকুরের মাছ বের হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি আবাদি জমিতে ঢুকছে। আর পাশেই কয়েকজন শ্রমিক মূল বাঁধের মাটি কেটে ভাঙা অংশে ফেলছে। ওই মাটি স্রোতে ভেসে যাচ্ছে। পাশে প্রায় এক বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। তবে ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। শ্রমিকেরা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যের নির্দেশে তাঁরা কাজ শুরু করেছেন।
কানিয়ালখাতা গ্রামের মুকুল হোসেন (৪৫) বলেন, ‘পাউবো সময়মতো বাঁধ সংস্কার না করে ক্যানেলে পানি ছাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে করে আমার ১৬ বিঘা জমির রোপা আমনখেত সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এখন ওই জমিতে নতুন করে চারা লাগানো সম্ভব হবে না। কারণ, আর বীজতলাও নেই, বাইরে থেকে চারা কিনতে অনেক টাকা লাগবে, সেটাও সম্ভব হবে না।’
সদর উপজেলার কৃষি কর্মকর্তা কেরামত আলী বলেন, বাঁধটি ভাঙায় প্রায় ৩০ হেক্টর জমির রোপা আমনখেত তলিয়ে গেছে। দু-এক দিনের মধ্যে পানি সরে গেলে ক্ষতি কম হবে। আর পানি তিন-চার দিন থাকলে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে।
পাউবো নীলফামারীর উপসহকারী প্রকৌশলী অনন্ত কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘ইঁদুরের গর্তের কারণে সেখানে প্রায় ৫০ ফুট বাঁধ বিধ্বস্ত হয়েছে। ক্যানেলের উজানে জলকপাট (স্লুইসগেট) বন্ধ করে দিয়ে সেটি মেরামতের কাজ শুরু করা হয়েছে। শিগগিরই মেরামত সম্ভব হবে।’