লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গতকাল শনিবার কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল করেনি। এতে সেন্ট মার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক। গত শুক্রবার সকাল থেকে কক্সবাজারে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, গত শুক্রবার টেকনাফ থেকে চারটি জাহাজ ও কয়েকটি ট্রলারে করে প্রায় ৯৫০ জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসে। সেদিন বিকেলে প্রায় ৭০০ পর্যটক টেকনাফ ফিরে যায়। বাকি দুই শতাধিক পর্যটক রয়ে যায়। শনিবার বিকেলে তাদের টেকনাফ ফেরার কথা ছিল। কিন্তু লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় টেকনাফ থেকে জাহাজ আসতে পারেনি। এ কারণে পর্যটকেরা দ্বীপে আটকা পড়ে।
কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের টেকনাফে ফিরিয়ে আনা হবে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার বলেন, পর্যটকেরা সেন্ট মার্টিনে নিরাপদে আছে।