
ঘূর্ণিঝড় কোমেন ধেয়ে আসছে চট্টগ্রামের দিকে। এর অগ্রভাগ গতকাল বুধবার মধ্যরাতের দিকে কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলে আঘাত হেনে উত্তর-পূর্বদিকে এগিয়ে আসতে থাকে। এরই প্রভাবে গাছের নিচে চাপা পড়ে সেন্টমার্টিনে আজ বৃহস্পতিবার ভোরে মো. ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে এই দ্বীপের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এখানকার নিম্নাঞ্চল ছাড়াও টেকনাফ সদর উপজেলার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার এই মৃত্যু ও ঘরবাড়ি বিধ্বস্তের খবর নিশ্চিত করে বলেছেন, ঝোড়ো বাতাসে দ্বীপের বেশ কিছুসংখ্যক নারকেল গাছ উপড়ে পড়েছে। তবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টেকনাফে প্লাবিত হওয়া গ্রামগুলোর মধ্যে আছে পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, নাই টংপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, ইসলামাবাদ, ফলিয়াবাদ প্রভৃতি। টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ সকালের দিকে প্রথম আলোকে বলেছেন, নিম্নাঞ্চলের মানুষজনকে গত রাত থেকেই আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুট পর্যন্ত বেড়েছে বলেও জানান তিনি।
উপকূলের বেশির ভাগ এলাকায় এখনো ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে। জোয়ারের পানি বেড়েছে।
এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৭ নম্বর বিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।