সৌন্দর্য হারাচ্ছে সেন্ট মার্টিন সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সমুদ্রসৈকতের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এ কারণে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে সৈকত।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সৈকতের পূর্ব দিকে জেটিঘাট, উত্তর ও পশ্চিম পাশে নুহাশ পয়েন্টের বিভিন্ন এলাকায় মৃত কচ্ছপ, গবাদিপশু, কুকুর ও মাছের নাড়িভুঁড়ি পড়ে আছে। এগুলোর দুর্গন্ধে সৈকতে অবস্থান করা কঠিন। এ সব আবর্জনা, মৃত কচ্ছপ ও মাছের নাড়িভুঁড়ি খাচ্ছে কাক ও কুকুর। এ ছাড়া সৈকতের বিভিন্ন স্থানে নারকেলের ছোবড়া, ডাবের খোসা এবং সিগারেট, বিস্কুট ও চানাচুরের প্যাকেট ফেলে রাখা হয়েছে। এ ছাড়া কোমল পানীয় ও মদের বোতলও পড়ে আছে যত্রতত্র। সমুদ্র থেকে ধরে আনা মাছ কাটা হচ্ছে সৈকতেই। কাটা মাছের বর্জ্যও ফেলা হচ্ছে সেখানে।
সৈকতে মাছ কাটার সময় শ্রমিক দলিলুর রহমান ও রিয়াজুল হক জানান, সাগর থেকে ধরে আনা মাছ দীর্ঘদিন ধরে তাঁরা এভাবেই কাটেন। কেউ এতে এত দিন বাধা দেয়নি। মাছের বর্জ্য ফেলে রাখলে কিছু অংশ কুকুরে খায়, বাকিগুলো জোয়ারে ভেসে যায়। তাই কষ্ট করে দূরে নিয়ে ফেলার কোনো কারণ নেই।
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক ফরিদুজ্জামান ও শফিকুর রহমান বলেন, সেন্ট মার্টিন সৈকতের যে এ অবস্থা, তা তাঁদের জানা ছিল না। চারদিকে কেবল দুর্গন্ধ।
স্থানীয় সূত্র জানায়, সেন্ট মার্টিনে সৈকত ব্যবস্থাপনা কমিটি নেই। সৈকত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউনিয়ন পরিষদের।
স্থানীয় লোকজন জানান, হোটেল-মোটেল ও কটেজের বর্জ্যের বেশির ভাগই সমুদ্রসৈকতে ফেলা হয়।
সেন্ট মার্টিন বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান বলেন, সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে দোকানপাট, বিভিন্ন প্রাণীর মৃতদেহ পড়ে থাকায় পর্যটকেরা অবাধে চলাফেরা করতে পারছে না।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বরাদ্দ না থাকায় সৈকত রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। ডিসেম্বরের প্রথম থেকে সেন্ট মার্টিন পর্যটকে ভরপুর। পর্যটকেরা পলিথিন, কোমল পানীয়ের বোতল, বিস্কুট ও চানাচুরের প্যাকেট সৈকতে ফেলছে। এতে ময়লা-আবর্জনায় সৈকত নোংরা হয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সৈকত পরিচ্ছন্ন রাখতে তিনটি ডাস্টবিন বসানোর কাজ চলছে। এ ছাড়া ১৫ জন পরিচ্ছন্নতাকর্মীও নিয়োগ দেওয়া হচ্ছে।