স্থল নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে
গতকাল শুক্রবারের স্থল নিম্নচাপটি বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন ফরিদপুর অঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে খুলনা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে-বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
মৌসুমি বায়ুর অবস্থান ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র প্রবল রয়েছে।