
পাট চাষ কীভাবে হয়, তা জীবনে চোখে দেখেননি খুলনার দাকোপ উপজেলার উত্তর বানিশান্তা গ্রামের গৃহবধূ যমুনা শীল। কী করে দেখবেন, লবণাক্ত এই এলাকায় যে পাটের চাষই হয়নি কখনো। যমুনা শীলের স্বামী ভোলানাথ শীল এবার এক বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। ফলনও খারাপ হয়নি। আগামী বছর পাটের আবাদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভোলানাথ শীলের মতো অনেক দাকোপবাসী এবারই জীবনে প্রথমবারের মতো পাটের চাষ করে সফলতা পেয়েছেন। এর আগে শত চেষ্টায়ও বছরে নিজের জমিতে একটি বা দুটি ফসলের (আমন ধানের সঙ্গে মাঝেমধ্যে রবিশস্য) বেশি ফলত না। বছরের বড় একটা সময় জমি অনাবাদি থাকত। পাট চাষ যুক্ত হওয়ায় জমি আর পড়ে থাকবে না বলে আশা করছেন তাঁরা।
খুলনা জেলায় লবণাক্ত জমিতে পাট চাষের আশা জাগিয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত লবণসহিষ্ণু পাটের জাত। নতুন এ জাত উদ্ভাবনকারী গবেষক দলের নেতৃত্ব দেন পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদ আল হাসান। উপজেলা কৃষি কার্যালয়ের চেষ্টায় দাকোপের পাঁচটি ইউনিয়নে চলছে এ পাটের পরীক্ষামূলক চাষ। ৫০টি প্লটে ১০ শতক করেজমিতে পাট চাষ করা হয়েছে। তবে অনেকে উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে পাট চাষ করে সাফল্য পাচ্ছেন।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, উপজেলার বিস্তীর্ণ চাষযোগ্য এলাকা শুধু লবণাক্ততার কারণে বছরের বড় একটা সময় পড়ে থাকে। কোনো কোনো এলাকায় বছরে মাত্র একটি ফসল হয়। অপেক্ষাকৃত কম লবণাক্ত এলাকার কিছু কৃষক রবিশস্যের চাষ করতে পারেন। লবণসহিষ্ণু এই পাট এখানকার চাষিদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।
এই জাত উদ্ভাবনের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা বলছেন, এখনই খুলনা জেলার পাঁচ হাজার হেক্টর জমিতে এই পাটের চাষ করা সম্ভব। এতে গড়ে প্রতি হেক্টরে ৩ টন করে ফলন ধরলে মোট ১৫ হাজার টন উৎপাদন হবে। তবে জাতটিকে আরও বেশি লবণসহিষ্ণু করতে পারলে আরও বেশি জমিতে তা চাষাবাদ করা যাবে বলে মনে করছেন তাঁরা।
পাট গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, দাকোপে পাটের যে লাইনগুলো (জাত) চাষে সাফল্য এসেছে, সেগুলো হলো সি-২৫৯৩, সি-৩৪৭৩, সি-১২২২১ ও সি-১২০৩৩। গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, এ চারটি জাত প্রতি মিটারে ১৪ দশমিক ৮ ডিএস (ডেসি সিমেন) পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে।
৫ আগস্ট দাকোপ উপজেলায় পাট চাষের অন্তত ১৫টি প্লটে সরেজমিনে দেখা যায়, প্রতিটি প্লটেই পাটের চাষ ভালো হয়েছে। কোনো কোনো প্লটের পাট কাটা হয়েছে বা হচ্ছে। কিছু প্লটের পাট উপযোগী হলেও এখনো কাটা হয়নি।
শুধু দাকোপ নয়, এখন উপকূলের বিশাল লবণাক্ত জমিকে পাট চাষের আওতায় আনাই লক্ষ্য মাহমুদ আল হাসানের। ইতিমধ্যে উপকূলীয় আরও পাঁচটি জেলায় পাটের লবণসহিষ্ণু ওই জাতগুলোর চাষ শুরু হয়েছে। এলাকাগুলো হলো পটুয়াখালীর কলাপাড়া, বরগুনার বেতাগী, পিরোজপুরের নাজিরপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলা।
দাকোপের বিভিন্ন এলাকায় পাট চাষের প্লট ঘুরে দেখেছেন খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল লতিফ। তিনি প্রথম আলোকে বলেন, লবণাক্ততার কারণে জেলার আবাদযোগ্য জমির ৮০ শতাংশই খরিপ-১ (ফেব্রুয়ারি-জুন) মৌসুমে পড়ে থাকে। উপকূলীয় আরও কয়েকটি জেলায় একই সমস্যা বিরাজ করছে। এসব জমিতে পাটের চাষ করা গেলে কৃষিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।