স্বর্ণঝিণ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটের তপোবন থেকে সম্প্রতি তোলা l ছবি: লেখক
রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটের তপোবন থেকে সম্প্রতি তোলা l ছবি: লেখক

রাজশাহী শহর ছাড়িয়ে খানিকটা যেতেই স্নিগ্ধ প্রকৃতি এসে ধরা দিল। অগ্রহায়ণের কুয়াশা মাড়িয়ে আমরা যাচ্ছি বরেন্দ্র অঞ্চলের কাঁকনহাটে। একটু এগোনোর পর সরষে ফুলের মধু-গন্ধ ম-ম করছে। দুই পাশে শাকসবজির খেত। ৭০ বছর বয়সী চিকিৎসক আকতারুল আলম নিপুণ হাতে গাড়ি চালাচ্ছেন। আমাদের চিনিয়ে দিচ্ছেন দুই পাশের গ্রাম, জনপদ আর হাটবাজার। সবুজ শাকসবজির ঘ্রাণ নিতে নিতে আমরা একসময় পৌঁছে গেলাম তপোবন নামের বাগানবাড়িতে। বাড়িটি বৃক্ষপ্রেমিক যুবায়ের হাসানের। এই বাগানের বেশ কিছু গাছ ঢাকা থেকে পাঠানো। সেসব গাছ এখন ফুলবতী, ফলবতী। প্রথমেই দুর্লভ কনকচাঁপা গাছটি খুঁজে বের করি। গাছে গাছে জলপাই আর আমলকী পেকেছে। প্রাকৃতিকভাবে জন্মানো অনেক লতা-গুল্মের মধ্যে কুঁচগাছও চোখে পড়ল। চারপাশে সুনসান নীরবতা। কান পাতলে শুধু উত্তরের হিম বাতাসে বাঁশপাতার শনশন শব্দ শোনা যায়। বাগানে ঘুরতে ঘুরতে স্বর্ণঝিণ্টির সঙ্গে দেখা। বাগানের এক প্রান্তে মাত্র কয়েকটা গাছ, একেবারেই বুনো। ২০১০ সালে প্রথম দেখেছিলাম। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদা ঝিণ্টিও দেখেছি। বাকি থাকল লালচে-বেগুনি রঙের ঝিণ্টি দেখা, যা কুরুবক নামেই বিখ্যাত। রবীন্দ্রনাথ লিখেছেন, ‘কর্ণমূলে কুন্দকলি, কুরুবক মাথে।’
স্বর্ণঝিণ্টি (Barleria prionitis) কোথাও কোথাও জান্তি, ঝুঁটি বা বনপাথালি নামেও পরিচিত। ইংরেজি নাম Philippine Violet, Crested Philippine Violet। খাড়া, কাঁটাহীন, প্রায় ১ মিটার উঁচু উপগুল্ম, শাখা রোমশ। গাছ ঝোপালো, অনেক ডালপালা, কাণ্ড কৌণিক, রোমশ ও সবুজ। পাতা ডিম্ব-লম্বাকৃতি, অখণ্ড, ৪ থেকে ৭ সেন্টিমিটার লম্বা, ওপরে সবুজ, নিচ হালকা রোমশ, বিন্যাস বিপ্রতীপ। ফুল ৪ থেকে ৭ সেন্টিমিটার লম্বা। মঞ্জরিপত্র অনুপস্থিত, মঞ্জরিপত্রিকা ৫ মিলিমিটার লম্বা, কিনারা ঈষৎ দাঁতানো। বৃতি গভীরভাবে খণ্ডিত, পেছনের বৃত্যংশ বৃহত্তর এবং প্রায় দেড় সেন্টিমিটার। ফুল একক বা গুচ্ছবদ্ধ। দলনল ফানেল আকৃতির, দলমণ্ডল প্রায় ৫ সেন্টিমিটার লম্বা এবং পাঁচ লতিযুক্ত। পুংকেশর চারটি। পরাগধানি দীর্ঘায়ত ও দুই কোষবিশিষ্ট। রেশমি-বাদামি রঙের বীজগুলো গোলাকার।
নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফুল ফোটার মৌসুম। গাছের বিভিন্ন অংশ সর্পদংশনের প্রতিষেধক, তা ছাড়া কাশি ও শরীরের ফোলা কমাতে পাতার নির্যাস ব্যবহার্য। ভারতের আদিবাসী জনগোষ্ঠীর একটি বড় অংশ এ গাছের মূল ও পাতার নির্যাস রক্তস্বল্পতা, কাশি এবং প্রদাহ রোগে কাজে লাগায়। উদ্যানসজ্জায় এদের বর্ণবৈচিত্র্য কাজে লাগানো যেতে পারে। সাধারণত বেড়ার ধারেই মানানসই। অপেক্ষাকৃত রুক্ষ অঞ্চলেও বেঁচে থাকতে পারে।