
এ যেন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। যেসব শিল্পোন্নত দেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারাই এখন জলবায়ু তহবিলে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দিতে বলছে।
গতকাল শুক্রবার সবুজ জলবায়ু তহবিলের (জিসিএফ) সভায় যুক্তরাষ্ট্র, কানাডাসহ শিল্পোন্নত বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে ওই দাবি তুললে ১৩৪টি রাষ্ট্রের জোট জি-৭৭ ও চীন এর তীব্র বিরোধিতা করে। ওই জোটের সদস্য হিসেবে বাংলাদেশও একই সুরে কথা বলেছে।
জি-৭৭ ও চীনের পক্ষ থেকে বলা হয়েছে, শিল্পোন্নত ৩৭টি দেশ ঐতিহাসিকভাবে বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অর্থ তারাই দেবে এবং ওই অর্থ হতে হবে নিয়মিত উন্নয়ন সহায়তার অতিরিক্ত ও নতুন।
সভায় জি-৭৭ ও চীন দলের মুখপাত্র দক্ষিণ আফ্রিকার নজিফো মিক্সকাটো ডিসেবো বলেন, শিল্পোন্নত রাষ্ট্রগুলো ২০০৯ সালের কোপেনহেগেন চুক্তিতে বলেছিল, ২০২০ সাল নাগাদ প্রতিবছর জাতিসংঘের জলবায়ু তহবিলের জন্য ১০০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে তারা। প্রতিশ্রুত সেই অর্থ তারা আগে দিক। তারপর যদি বাড়তি অর্থের প্রয়োজন হয়, তাহলে তা স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো দেবে।
অন্যদিকে স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জোট এলডিসির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনোভাবেই জলবায়ু তহবিলে অর্থ দেওয়ার পক্ষে না। বরং শিল্পোন্নত দেশগুলোর কর্মকাণ্ডে জলবায়ু পরিবর্তনের জন্য তাদের যে ক্ষতি হয়েছে, তা মোকাবিলা করতে ক্ষতিপূরণ দিতে হবে।
এ ব্যাপারে প্যারিসে আসা বাংলাদেশ দলের সমঝোতাকারী কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজ সম্পদকে ব্যবহার করে কাজ করছে। গত চার বছরে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করেছি। কিন্তু জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন করতে হলে আমাদের অনুদান হিসেবে অর্থ দরকার, যা শিল্পোন্নত দেশগুলোকেই দিতে হবে।’
এর আগে কাতারের দোহা জলবায়ু সম্মেলন কপ১৮-তে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর পাশাপাশি বিশ্বের সব রাষ্ট্রকে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার আদায় করে নেয় শিল্পোন্নত রাষ্ট্রগুলো। প্যারিস সম্মেলনে বিশ্বের ১৮৪টি রাষ্ট্র তাদের কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকারনামা আইএনডিসি জমা দেয়।
এ ব্যাপারে জার্মানভিত্তিক সংগঠন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের বোর্ড সদস্য সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, প্যারিস সম্মেলন ব্যর্থ করতে এটা শিল্পোন্নত দেশগুলোর একধরনের ফাঁদ। তারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছ থেকে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার আদায় করে নিয়েছে। এখন জলবায়ু তহবিলে অর্থ দেওয়ার কথা বলছে। শক্ত কণ্ঠে এর বিরোধিতা করা উচিত।
সম্ভাব্য প্যারিস চুক্তির খসড়ার ওপর প্রতিক্রিয়া জানাতে জলবায়ু সম্মেলনের পঞ্চম দিন গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বল্পোন্নত ও বিপন্ন দেশগুলোর নাগরিক সংগঠনগুলো। এ সময় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা যাতে দেড় ডিগ্রির চেয়ে বেশি না বাড়ে, সেই বিষয়টি চুক্তিতে নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশে সক্রিয় জোট বাপা, বিপনেট, বিসিসিজেএফ, সিসিডিবি, সিডিপি, সিজিসি, সিএসআরএল, সিপিআরডি, ইক্যুইটিবিডি, এনসিসিবি ও পিআরডিআই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক শরমিন্দ নীলোর্মি, ফিলিপাইনভিত্তিক সংগঠন ইভোন ফাউন্ডেশনের টেটেট লরান, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা মৃণাল কান্তি ত্রিপুরা, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী এম শামসুদ্দোহা ও কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের জাহাঙ্গীর হাসান।
প্যারিস চুক্তির খসড়ায় বিশ্বনেতাদের ঘোষিত এ শতাব্দী শেষ নাগাদ তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রাকে মানবসমাজের জন্য বিপজ্জনক আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫০টি দেশ ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসে জাতীয়ভাবে নির্ধারিত যে হিসাব দাখিল করেছে, তাতে বিশ্বের তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি বাড়বে, যা পৃথিবীকে প্রলয়ংকরী দুর্যোগের দিকে নিয়ে যাবে।
এদিকে গতকাল প্যারিসের লা বুর্জে জলবায়ু সম্মেলন কেন্দ্রের ভেতরেই সম্মেলনে ধনী দেশগুলোর ভূমিকা নিয়ে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। ক্লাইমেট অ্যাকশন, কেয়ার ও আদিবাসী সংগঠনগুলো আলাদাভাবে ওই বিক্ষোভ করে।